ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরে একটি বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া এক হিন্দু পরিবারের নয় সদস্যকে উদ্ধার করেছে পুলিশ। বাড়ি দখলের উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে পুলিশ মনে করছে। এতে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঋষিকেশ দাস লেনের ওই বাড়ি থেকে শনিবার ভোররাতে ওই পরিবারকে তুলে নিয়ে কাছের একটি দোকানে আটকে রাখা হয়।
সকালে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার মনিরুজ্জামান টুকু।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ৩টার দিকে পুলিশ পরিচয় দিয়ে এক দল সন্ত্রাসী ওই বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির নয়জনকে কাছের জনতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামে একটি দোকানে আটকে রাখে। খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।"
৯৫ ঋষিকেশ দাস লেনের দোতলা ওই জরাজীর্ণ বাড়ির মালিক মহাবীর দাস, নিতাই দাস ও শম্ভু দাস। তারা সম্পর্কে চাচাত ভাই।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর এমএলএসএস শম্ভু (৫০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ধরে নিয়ে মারধর করা হয়।
নিতাই দাস (৭০) জানান, তারা উত্তরাধিকার সূত্রে ওই বাড়ির মালিক।
তিনি বলেন, "তারা আমাদের মুখ বেঁধে প্রথমে বাড়িতে লুটপাট চালায়। আলমারি থেকে গহনাগুলো নেয়। পরে আমাদের ধরে নিয়ে জনতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে আটকে রাখে।"
এ ঘটনার সঙ্গে একটি ডেভেলপার প্রতিষ্ঠানের জড়িত থাকার ইঙ্গিত করে নিতাই বলেন, "ওই কোম্পানিটি বাড়ি বিক্রি করার জন্য আমাদের চাপ দিচ্ছিল। কিন্তু আমরা রাজি হইনি। বাড়ি বিক্রিতে আমাদের বাধ্য করতে তারা এ কাজ করতে পারে।"
নিতাই জানান, আটকে রাখার সময় একটি সাদা কাগজে স্বাক্ষর দিতে তাদের বাধ্য করা হয়।
নিতাই ওই বাড়ির সামনেই একটি দোকান চালান।
নিতাই ও শম্ভু দাস ছাড়া আর যাদের ধরে নিয়ে যাওয়া হয়, তারা হলেন- মহাবীর দাস (৪৫), কাজল রানী দাস (৪২), লক্ষ্মীশ্রী দাস (৪০), বিউটি দাস (১৮), সজল দাস (১৪), সুইটি রানী দাস (১২) ও স্বর্ণা রানী দাস (৮)।
বিউটি এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। তবে এ ঘটনার জন্য শনিবার ব্যবহারিক পরীক্ষা দিতে পারেননি তিনি।
বাড়ির ভাড়াটে কার্তিক চন্দ্র বলেন, "রাতে হঠাৎ শোরগোল শুনে বেরিয়ে দেখি বাড়ির মালিকদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। সামনে এগিয়ে গেলে দুর্বৃত্তরা মেরে ফেলার হুমকি দেয়। তখন আমরা আবার ঘরে ঢুকে পড়ি। পরে বিভিন্ন স্থানে খবর দিই।"
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, "ডাকাতির খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যায়। পরে আশপাশে অনুসন্ধান চালিয়ে গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় হোসাইন মো. বাবুলসহ চারজনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে অপহৃত নয়জনকে সকাল ১১টার দিকে উদ্ধার করা হয়।"
বাবুল (৩২) জনতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের মালিক। তার সঙ্গে আর যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা হলেন- আখতার হোসেন (২৭), নিজামউদ্দিন সাগর (২৮) ও সোহাগ (২৮)।
পুলিশ কর্মকর্তা তোফাজ্জল বলেন, "বাড়ি দখলের জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে, তা আমরা নিশ্চিত। তবে এর সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।"
তিনি জানান, একটি ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে ওই এলাকায় একটি মন্দিরসহ বেশ কয়েকটি জমি বিক্রির জন্য চাপ দেওয়ার অভিযোগ রয়েছে।
বাবুলসহ গ্রেপ্তারকৃত চারজন আওয়ামী লীগ কর্মী বলে স্থানীয়রা জানায়।
ঢাকা মহানগরের ৮০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী তা স্বীকার করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, "তারা আওয়ামী লীগের সমর্থক। তবে তাদের এ দুষ্কর্মের সঙ্গে দলের কোনও সংশ্লিষ্টতা নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24