২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ডাকাতের হামলায় কুরিয়ার সার্ভিসের চালক নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সিরাজগঞ্জ-নলকা-হাটিকুমরুল সড়কে শনিবার ভোরে ডাকাতের হামলায় করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি গাড়ির চালক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 09:53 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

সিরাজগঞ্জ, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সিরাজগঞ্জ-নলকা-হাটিকুমরুল সড়কে শনিবার ভোরে ডাকাতের হামলায় করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি গাড়ির চালক নিহত হয়েছে। তবে কুরিয়ার সার্ভিসের ওই গাড়ি থেকে ডাকাতরা কিছু নিতে পারেনি বলে পুলিশ জানায়। নিহত মোহাম্মদ ইসমাইল (৩৫) বগুড়ার কাহালু উপজেলার কানার গ্রামের বাসিন্দা। মহাসড়ক পুলিশের হাটিকুমরল থানার ফাঁড়ির কর্মকর্তা উপপরিদর্শক দীন বন্ধু দাস বিডিনিউজ টোয়েন্টিফোর টকমকে জানান, ভোর ৫টার দিকে ফুল জোড় কলেজের সামনে বগুড়া থেকে ঢাকাগামী কুরিয়ার সার্ভিসের ওই কার্ভাড ভ্যানে ডাকাতির চেষ্টা হয়। তিনি বলেন, "গাড়ি আটকে ডাকাতরা চালক এবং তার সহকারীকে চেতনা নাশক ওষুধ দিয়ে অজ্ঞান করার চেষ্টা করে। এতে ব্যর্থ হলে তারা দুজনকে মারধর করে পাশের ডোবায় ফেলে দেয়। "ওই সময় র‌্যাবের একটি টহল দল এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।" আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর পর ইসমাইল মারা যায়। থানার কাছেই এ ধরনের ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা। রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাটিকুমরুল থানার মাত্র দেড় কিলোমিটার পূর্ব দিকে ডাকাতি হয়েছে। সড়কে পুলিশের নজরদারি না থাকায় এ ঘটনা ঘটেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬০৩ ঘ.