ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রমজানে নিটওয়ার শিল্পের শ্রমিকদের জন্য কেজিপ্রতি ১৬ টাকা দরে চাল বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নিটওয়ার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।
জনপ্রতি সপ্তাহে পাঁচ কেজি হিসেবে মাসে ২০ কেজি চাল কিনতে পারবেন এ শিল্পের শ্রমিকরা।
এ সপ্তাহের মধ্যে বিকেএমইএ নিজস্ব ব্যবস্থাপনায় এ কার্যক্রম শুরু করবে। আগামী ২৬ আগস্ট খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক নারায়ণগঞ্জে এ কর্মসূচির উদ্বোধন করতে পারেন।
বিকেএমইএ'র জনসংযোগ কর্মকর্তা মাহফুজা আক্তার লাকী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিট শিল্পের শ্রমিকদের রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রভাব থেকে রক্ষায় এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।"
সরকারি গুদাম থেকে চাল সংগ্রহ করে বিকেএমইএ নিজস্ব ব্যবস্থাপনায় শ্রমিকদের মধ্যে বিক্রি করবে বলে জানান তিনি।
পূর্ব প্রতিশ্র"তি অনুযায়ী খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর এ চালের সরবরাহ নিশ্চিত করবে। এ লক্ষ্যে খাদ্য অধিদপ্তর ও বিকেএমইএ'র মধ্যে গত বৃহস্পতিবার একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
অধিদপ্তরের পরিচালক বদরুল হাসান এবং বিকেএমইএ'র সহ-সভাপতি জাহিদুল হক ভূইয়া এ চুক্তিতে স্বাক্ষর করেন।
মাহফুজা জানান, এ উদ্যোগের ফলে সংগঠনের প্রায় এক হাজার ৬০০ সদস্য প্রতিষ্ঠানের ১ লাখ ৩ হাজার শ্রমিক সুবিধা পাবে।
প্রাথমিকভাবে নারায়ণগঞ্জের শ্রমিকদের মধ্যে এ বিতরণ কর্মসূচি শুরু হবে। পর্যায়ক্রমে তা অন্য স্থানের শ্রমিকদের মধ্যেও চালু করা হবে।
মাহফুজা জানান, গত দুই বছর ধরেই বিকেএমইএ এ শিল্পে নিয়োজিত শ্রমিকদের জন্য হ্রাসকৃত মূল্যে চালসহ বিভিন্ন নিত্যপণ্য বিতরণ করে আসছে। ২০০৮ সালে চালের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেলে সংগঠনটি তাদের শ্রমিকদের মধ্যে বাজার দরের চেয়ে কেজিপ্রতি ১০ টাকা কম দামে চাল বিক্রির ব্যবস্থা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫৪০ ঘ.
bdnews24