হবিগঞ্জ, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শুক্রবার সকালে ট্রেনের ধাক্কায় এক সেনা সদস্য মারা গেছেন।
নিহত সেনা সদস্যের নাম- মাসুদ পারভেজ (৩৩)। তিনি ৫৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ল্যান্স কর্পোরাল এবং হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। মাসুদ নীলফামারীর ডোমার উপজেলার জড়াবাড়ি গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।
সকাল ১০টায় দুই সহকর্মীর সঙ্গে শাহজীবাজার ফতেহগাজী মাজার এলাকার রেললাইনের পাশে বসা বাজার থেকে ব্যারাকে ফেরার পথে মাসুদ ঢাকা থেকে সিলেটগামী আন্ত:নগর এক্সপ্রেস ট্রেন পারাবাতের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হবিগঞ্জের তেলিয়াপাড়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আব্দুল মান্নান।
তিনি জানান, মাসুদ পারভেজ সকালে তার দুই সহকর্মীর সঙ্গে বাজার করে রেললাইনের পাশ দিয়ে হেঁটে ব্যারাকে ফিরছিলেন।
পুলিশ কর্মকর্তা জানান, মাসুদ পারভজের লাশ ৫৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মইনুল ইসলামের নেতৃত্বে একদল সেনা সদস্য শুক্রবার বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসকের অনুমতিক্রমে ইউনিট সদরে নিয়ে যায়।
তিনি জানান, এ ঘটনার প্রায় ১৫ মিনিট পর উপজেলার তেলিয়াপাড়া নামক স্থানে সকাল সোয়া ১০টার দিকে একই ট্রেনের নিচে কাটা পড়েন ৩৫ উর্ধ্ব অজ্ঞাতনামা এক ব্যক্তি। তার লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৭ ঘ.
bdnews24