ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনার সঙ্গে জড়িত 'মহারথীদের' চিহ্নিত করে তাদের বিচার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেইসঙ্গে ২১ আগস্টসহ সব বোমা হামলার ঘটনায় বিএনপি-জামায়াত জোট সরকার জড়িত ছিল বলেও অভিযোগ করেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। (বিস্তারিত)
শেখ হাসিনা বলেন,''২১ আগস্টের গ্রেনেড হামলাসহ সব বোমা হামলার ঘটনায় যত বড় মহারথীরাই জড়িত থাকুক না কেন তাদের বিচার করা হবে। যারা এসব অন্যায় করেছে তাদের শাস্তি পেতে হবে।''
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতিমন্ডলীর সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
প্রধানমন্ত্রী বলেন,''দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসকে নির্মূল করে একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমরা কাজ করছি। বাংলাদেশকে হত্যাকারীর দেশের অভিশাপ থেকে মুক্ত আমরা করবোই করবো।''
২১ আগস্টের স্মৃতিচারণ করে তিনি বলেন, "আল্লাহর ইচ্ছায় আমি সেদিনের হামলা থেকে বেঁচে গেছি। কিন্তু যে গ্রেনেড যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়, তা একটি রাজনৈতিক দলের সমাবেশে ব্যবহার করা হল কেন? এর জন্য যে প্রশিক্ষণ প্রয়োজন তা দেওয়া হল কোথায়? কেন্দ্রীয় কারাগারে, কবরস্থানে একই ধরনের গ্রেনেড পাওয়া গেছে। একজন কারারক্ষীকেও প্রচুর টাকা দেওয়া হয়েছে। এসব বিষয়ই তদন্ত করে বের করতে হবে।"
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "ওই জঘন্য হামলার ঘটনা নিয়ে আমরা পার্লামেন্টে আলোচনা করতে চেয়েছিলাম। উল্টো আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ব্যঙ্গ করে বলেছিলেন, 'ওনাকে আবার মারতে যাবে কে? হামলার আগে আমার জন্য নেওয়া বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও প্রত্যাহার করে নিয়েছিল বিএনপি-জামায়াত জোট সরকার।"
তিনি অভিযোগ করেন, খালেদা জিয়া গ্রেনেড হামলায় জড়িতদের বিশ্বাস ও আস্থার পুরস্কার হিসেবে আব্দুস ছালাম পিন্টুর ভাইকে ছাত্রদলের সভাপতি বানিয়েছেন। এটাই প্রমাণ করে ওই হামলায় তার সমর্থন ছিল।
২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে বোমা হামলার ঘটনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সহযোগিতা ছাড়া এমন হামলা সম্ভব নয়। কেননা মুক্তিযুদ্ধের সময় গেরিলারা ৫ টি স্থানে হামলার পরিকল্পনা করলে বাস্তবায়ন করতে পারতো ৩ টি। কিন্তু মাত্র আধা ঘন্টার ব্যবধানে ৫'শ টি স্থানে বোমা হামলার পরিকল্পনা এবং তা বাস্তবায়ন করা অসম্ভব বিষয়।
তিনি বলেন, "আমরা রাজনীতি করি। রাজনৈতিকভাবেই আমাদের মোকাবেলা করা হোক। কিন্তু প্রতিপক্ষ চায় একেবারেই আমাদের নিশ্চিহ্ন করে দিতে। এই হীন চক্রান্তই তারা বারবার করেছে।"
দেশের জনগণকে সব ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, "এদেশের ইতিহাস, ঐতিহ্য ধ্বংস করে একে অশান্তির দেশে পরিণত করতে চায় বলেই বোমা-গ্রেনেড হামলা চালানো হয়েছে। কিন্তু জনগণ ও সংগঠন ঐক্যবদ্ধ থাকলে আমার বিশ্বাস এদেশকে শান্তির দেশ হিসেবে, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবোই।"
তিনি বলেন, যারা এদেশে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ লালন-পালন করেছে, তারা এখনো সক্রিয়। পঁচাত্তরে জাতির জনককে হত্যার পর জিয়া সাজা প্রাপ্ত ১১ হাজার যুদ্ধাপরাধীকে ছেড়ে দিয়েছে। সাজা বাতিল করতে সংবিধান সংশোধন করেছে। খুনিদের পুরস্কৃত করেছে। তারই পরিবার যখন ক্ষমতায় আসে তখন তারা এদেশের মানুষের বিরুদ্ধে জিঘাংসা চরিতার্থ করে।
জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, "বাংলাদেশ থেকে জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ নির্মূল করে প্রতিটি মানুষের জন্য শান্তি নিশ্চিত করা হবে। আমার শরীরের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত এ দেশের জন্য কাজ করে যাবো।"
তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহতদের পরিবারের সদস্যদের সাহায্য করার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতিও আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করীম সেলিম, মহিউদ্দিন খান আলমগীর, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক,আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইয়াফেস ওসমান, আইন বিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু, কার্যনির্বাহী সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও ২১ আগস্টের গ্রেনেড হামলায় আহতদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএম/এইচএ/২২৩০ ঘ.
bdnews24