গাজীপুর, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) থেকে গ্রেপ্তার ছাত্র শিবিরের সাত কর্মীকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় ধানসিঁড়ি নামের শিবিরের ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- ইমরুল কাসেম পরাগ (২৩), বিল্লাল হোসেন (২৫), অহাব আলী (২৭), মো. ইয়াসির আরাফাত (২১), শরিফুল ইসলাম (২২), মঞ্জরুল ইসলাম (২৪) ও আহম্মদ ইমতিয়াজ (২১)।
পরিচয় দেখাতে না পারায় তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার হয় বলে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান।
তিনি জানান, শুক্রবার গ্রেপ্তারকৃতদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গাজীপুর আদালতের জেনারেল রেকডিং অফিসের কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খলিলুর রহমান জানান, বিকেল সাড়ে চারটার দিকে সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালত সাত শিবির কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জাতীয় শোক দিবসের পোস্টারের উপর শিবির সমর্থিত একটি কোচিং সেন্টারের পোস্টার লাগানোর জেরে মঙ্গলবার রাতে সংঘর্ষ হয়। বৃহস্পতিবার ছাত্রশিবিরের সশস্ত্র ক্যাডাররা ধানসিঁড়ি মেসে অবস্থান নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলার পরিকল্পনা নিচ্ছে এমন খবরে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়।
সংঘর্ষের আশঙ্কায় বিশ্ববিদ্যালয় প্রশাসন রমজান, শবে কদর, ঈদ ও দূর্গা পূজার ছুটি উল্লেখ করে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। শিক্ষার্থীদের ৬টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এ ঘোষণায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভাঙচুর চালায় এবং নির্দেশ উপেক্ষা করে হলে অবস্থান করে। পুলিশ রাত ১০টায় ছাত্রদের হল থেকে বের করে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৫ ঘ.
bdnews24