২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় গ্রেপ্তারকৃত চরমপন্থী ক্যাডার গুলিবিদ্ধ

খুলনার ডুমুরিয়া উপজেলার শালুয়া গ্রামে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারকৃত চরমপন্থী দলের এক ক্যাডার গুলিবিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2009, 12:49 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

খুলনা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার ডুমুরিয়া উপজেলার শালুয়া গ্রামে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারকৃত চরমপন্থী দলের এক ক্যাডার গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ বলেছে, পরিমল রায় (৪০) নামের এ ক্যাডারকে নিজের বাড়ি থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় তাকে ছিনিয়ে নিতে সহযোগীরা পুলিশের মাইক্রোবাস লক্ষ্য করে গুলি করে। আহত পরিমলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চরমপন্থী দল নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য বলে শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) খান আলী আকবর। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার রংপুর ইউনিয়নের শলুয়া গ্রামের নিজ বাড়ি থেকে নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির ক্যাডার পরিমল রায়কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসআই আকবর বলেন, "উদ্ধারকৃত অস্ত্রসহ পরিমলকে ডুমুরিয়া থানায় নিয়ে যাওয়ার সময় চরমপন্থীরা পুলিশের মাইক্রোবাস লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ ছয় রাউন্ড গুলি চালায়। এক পর্যায়ে চরমপন্থীরা পালিয়ে যায়। চরমপন্থীদের ছোড়া গুলি পরিমলের ডানপায়ে বিদ্ধ হয়।" তবে চরমপন্থীরা কত রাউন্ড গুলি ছুড়েছিল তা তিনি জানাতে পারেনি। এ ঘটনায় তিনি বাদী হয়ে পরিমলকে আসামি করে অস্ত্র মামলা এবং অজ্ঞাত চরমপন্থীদের বিরুদ্ধে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার মামলা করেছেন বলে এসআই আকবর জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৯০৪ ঘ.