২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ট্রলারডুবি: চারজনের লাশ উদ্ধার

মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদীতে ট্রলার ডুবে নিখোঁজ আট বরযাত্রীর মধ্যে শুক্রবার বিকেল সাড়ে ৬টা পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2009, 12:39 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

মাদারীপুর, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদীতে ট্রলার ডুবে নিখোঁজ আট বরযাত্রীর মধ্যে শুক্রবার বিকেল সাড়ে ৬টা পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ চারজন হলেন- উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামের মান্নান মাদবরের ছেলে হাসান (৮), সামাদ সেখের ছেলে আলমগীর (৩৫), হান্নান মাদবরের মেয়ে সোমা (৫) ও টুকু ফরায়জীর ছেলে মিজান (৮)। হাজী শরীয়তুল্লাহ সেতুর নীচে আড়িয়াল খাঁ নদী থেকে ডুবুরীরা এ চারজনের লাশ উদ্ধার করেছেন বলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান। তিনি জানান, বাকিদের উদ্ধারে পুলিশ এবং ঢাকা থেকে যাওয়া ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ'র ডুবুরীরা কাজ করছেন। ইতোমধ্যে ট্রলারটি উদ্ধার করা হয়েছে। উপজেলার চর মানাইর এলাকায় বিয়ের অনুষ্ঠান শেষে খাড়াকান্দি এলাকার রহমান মাদবরের ছেলে নববধূকে নিয়ে বুধবার সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিলেন। রাত ১০টার দিকে হাজী শরীয়তুল্লাহ সেতুর পশ্চিম পাশে পুরাতন আড়িয়াল খাঁ ফেরি ঘাটের কাছে পৌঁছালে একটি বালুবোঝাই ট্রলারের ধাক্কায় বরযাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ৫৩ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৪৫ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৭ ঘ.