রুহুল আমিন রানা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বন্দরের বেশিরভাগ শীর্ষ পদে প্রেষণে নিয়োগ পাওয়া নৌবাহিনী কর্মকর্তাদের কারণে দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি না পাওয়ার অভিযোগ উঠেছে।
এর ফলে বন্দরে দীর্ঘদিন চাকরি করছেন -এমন কর্মকর্তাদের মাঝে হতাশা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
এছাড়া দীর্ঘ দিন নিয়োগ বন্ধ থাকায় বন্দরের প্রশাসনিক ও কারিগরি শাখার বিভিন্ন পদে শূন্যতা সৃষ্টি হচ্ছে। এতে দেশের বৃহত্তম এ সমুদ্র বন্দরে দেখা দিয়েছে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের সঙ্কট।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদও বন্দরের মতো একটি বিশেষায়িত প্রতিষ্ঠানে নৌবাহিনী থেকে কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ দেওয়ার বিরোধিতা করেছেন।
এতে বন্দরের নিয়মিত কর্মকর্তারা পদোন্নতি বঞ্চিত হচ্ছেন বলেও স্বীকার করেন তিনি।
আর ইউ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্দর পরিচালনায় সুষ্ঠু সমন্বয়ের জন্য এখানকার অভিজ্ঞ কর্মকর্তাদেরই পদোন্নতি দিয়ে সদস্য ও পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া উচিত।"
তিনি বন্দরে সুষ্ঠু ও সমন্বিত কাজের পরিবেশের জন্য প্রেষণে নিয়োগ না দেওয়াই ভালো বলে মন্তব্য করেন।
খোঁজ নিয়ে দেখা যায়, বর্তমানে চেয়ারম্যান ছাড়াও চট্টগ্রাম বন্দরের চারটি সদস্য পদের দুটিতে প্রেষণে নৌবাহিনীর দুই কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। তৃতীয় একটিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে কাজ চালানো হচ্ছে এবং অপরটি শূন্য রয়েছে।
অপরদিকে, পরিচালকের চারটি পদের তিনটির দায়িত্বেই আছেন প্রেষণে আসা কর্মকর্তারা। প্রধান প্রকৌশলী ও পরিকল্পনাবিদের পদ দুটিও চালানো হচ্ছে ভারপ্রাপ্তদের দিয়ে।
এছাড়া, চিফ হাইড্রোগ্রাফারসহ এ বিভাগে আরও সাতজন নৌবাহিনীর কর্মকর্তা প্রেষণে রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দরের নীতি নির্ধারণী এসব শীর্ষ পদে বছরের পর বছর প্রেষণে নিয়োগ দেওয়ায় নিয়মিত চাকরিরতরা পদোন্নতি বঞ্চিত হচ্ছেন। এতে তাদের মধ্যে হতাশা কাজ করছে।
অভিজ্ঞ ও বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে বলেও জানান তারা। তাদের অভিযোগ, এটি প্রচলিত সরকারি রীতিনীতির পরিপন্থী।
বন্দর চেয়ারম্যান বলেন, "চেয়ারম্যান ও চারটি সদস্য পদে সরকার মনোনীতরা নিয়োগ পান। চেয়ারম্যানের পদটি এক অর্থে 'আলংকারিক' হওয়ায় সবাই তা মেনে নেন।
"তবে সদস্যদের চারটি পদ বন্দরে দীর্ঘদিন ধরে চাকরিরত জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়োগ দিলে বন্দর পরিচালনায় সুবিধা হতো।"
বন্দরের চেয়ারম্যান পদে প্রেষণে আসার ১৩ মাসের অভিজ্ঞতা থেকে নৌবাহিনীর এ কর্মকর্তা বলেন, "ইতোপূর্বে বন্দরে খুব পরিকল্পনামাফিক নিয়োগ দেওয়া হয়নি। ফলে একসঙ্গে অনেক পদ শূন্য হচ্ছে। সেসব পদে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তার সঙ্কট দেখা দিয়েছে।"
তিনি জানান, আগামী দুই-তিন বছরের মধ্যে আরও কয়েকজন একসঙ্গে অবসরে যাবেন। তখন আরও শূন্যতা দেখা দেবে। এসব পদের নিচে যারা আছেন তারা পদোন্নতির যোগ্য বিবেচিত হওয়ার (ফিডার সার্ভিস) অভিজ্ঞতার শর্ত পূরণ করতে না পারায় তাদের নিয়োগ দেওয়া যাচ্ছে না।
এ কারণে বন্দরের পরিচালনার দক্ষতায় প্রভাব পড়তে পারে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন।
বন্দর চেয়ারম্যান আরও জানান, সরকারের অনুমোদন না পাওয়ায় গত কয়েক বছর বেশ কিছু পদে নিয়োগ বন্ধ রয়েছে।
চেয়ারম্যান ছাড়া বর্তমানে শীর্ষ পর্যায়ে প্রেষণে দায়িত্বরত নৌবাহিনীর কর্মকর্তারা হলেন- ক্যাপ্টেন জোবায়ের (সদস্য, প্রকৌশল), ক্যাপ্টেন আরিফ মাহমুদ (সদস্য, হারবার অ্যান্ড মেরিন), কমান্ডার শিবলি (পরিচালক, বিদ্যুৎ ও যান্ত্রিক), লেফটেন্যান্ট কমান্ডার শেরাফ উল্লাহ (চিফ হাইড্রোগ্রাফার) ও লেফটেন্যান্ট কমান্ডার আকরাম হোসেন (উপ-পরিচালক, নিরাপত্তা)।
নৌবাহিনীর বাইরে নিরাপত্তা বিভাগের পরিচালক ও উপ-পরিচালকের দুটি পদে সেনাবাহিনীর কর্মকর্তারা প্রেষণে দায়িত্ব পালন করছেন। পরিচালক (প্রশাসন) পদে বিসিএস প্রশাসনের এক কর্মকর্তা প্রেষণে কাজ করছেন।
বন্দরের কর্মকর্তারা জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সবচেয়ে বেশি প্রেষণে নিয়োগ হয়েছে। বর্তমান সরকারের সাত মাস পার হলেও এ বিষয়ে নতুন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
জানা গেছে, প্রেষণের কারণে মেরিন বিভাগে চারজন এবং প্রকৌশল বিভাগে নয়জনসহ অন্যান্য বিভাগেও একাধিক কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হচ্ছেন। অপরদিকে, বন্দরের সদস্য (অর্থ) পদে দুই বছরের অধিক সময় ধরে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন মো. হারুন মিয়া।
এছাড়া স
bdnews24