২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মইনের গণতন্ত্র ফিরিয়ে দেওয়া আঙ্গুর ফল টক এর মতোই'

সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদকে ধূর্ত আখ্যায়িত করে তার কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জেনারেল মইন খুব ধূর্ত লোক। ক্ষমতা ছুঁতে পারেননি। তাই গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন বলে বক্তব্য দিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2009, 11:39 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

শিহাবউদ্দিন কিসলু নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদকে ধূর্ত আখ্যায়িত করে তার কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জেনারেল মইন খুব ধূর্ত লোক। ক্ষমতা ছুঁতে পারেননি। তাই গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন বলে বক্তব্য দিচ্ছেন। বৃহস্পতিবার নিউ ইয়র্কে 'বাংলাদেশে সমকালীন রাজনীতি' শীর্ষক এক সেমিনারে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলাউদ্দিন এ কথা বলেন। তিনি বলেন, "জেনারেল মইন ইজ এ ভেরি কানিং ম্যান। তিনি ক্ষমতা ছুঁতে পারেননি। পারলে দেখতেন কী করতেন। "ক্ষমতা না নিয়ে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন বলে জেনারেল মইন যে মন্তব্য করছেন, তা 'আঙ্গুর ফল টক' প্রবাদটির মতোই।" মইন উ আহমেদের বিচার হবে কিনা- জানতে চাওয়া হলে আলাউদ্দিন বলেন, "বিচার হবে কি না-সময়ে জনগণই তা বলে দেবে।" দেশি-বিদেশি ষড়যন্ত্র নিয়ে সবাইকে সর্তক থাকার আহবান জানিয়ে আওয়ামী লীগের এ সাবেক সাংসদ বলেন, "দেশি-বিদেশিদের 'গণতন্ত্র' শিক্ষা দেওয়ার নামে বাংলাদেশে গণতন্ত্র চর্চা যেন ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।" বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশার কথা জানিয়ে আলাউদ্দিন বলেন, "জনগণের আকাশচুম্বি প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে আবারও আন্তর্জাতিক ষড়যন্ত্র হবে।" তিনি বলেন, "আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থায় বসবাস করেও এতোদিনেও গণতান্ত্রিক মানসিকতায় নিজেদের সম্পৃক্ত করতে পারছি না। এটাই আমাদের ট্র্যাজেডি।" দেশের রাজনীতিতে সহমর্মিতা বোধের অভাবের কথা উল্লেখ করে আলাউদ্দিন বলেন, "এর পিছনে কিছু ঐতিহাসিক কারণও রয়েছে। "বন্ধনের মূল বুননে (ফাইবারে) কিছু কাটা-ছেঁড়া আছে, তবে কয়েক মেয়াদে গণতন্ত্র অব্যাহত থাকলে তা মেরামত করা সম্ভব।" সেমিনার শেষে আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশে আইন-শৃঙ্খলার খানিকটা অবনতি হয়েছে সত্যি। তবে জঙ্গিবাদ ও বড় ধরনের সন্ত্রাস দমন করতে সক্ষম হয়েছে সরকার।" তিনি আরও বলেন, "পুলিশ দমন করতে পারে এমন ছোটখাট কিছু সন্ত্রাসের ঘটনা ঘটছে। এজন্য জনবল ও বেতন ভাতা বাড়ানোর মাধ্যমে পুলিশের মনোবল চাঙ্গা করার চেষ্টা করছে সরকার।" ঢাকার লালবাগের কমিশনার মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে প্রবাসী বাংলাদেশী নাগরিক কমিটি আয়োজিত ওই সেমিনারে বিএনপি সাংসদ মজিবর রহমান সরোয়ারও বক্তব্য রাখেন। দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলের ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে সরোয়ার বলেন, "মসনদই হলো আমাদের বড় সমস্যা। সে কারণেই কেউই নীতিতে থাকতে পারছি না।" তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেখেছি, দুই নেত্রী পরস্পরের হয়ে গণতন্ত্রের জন্য কথা বলেছেন। "আবার জেলখানায় আমরা দু'দলের অনেকেই আপন হয়েছি। অথচ মসনদের স্বার্থে সে সম্পর্ক এখন আর দেখছি না।" বরিশালের সাবেক মেয়র সরোয়ার বলেন, "আগ্রাসনের শিকার হলে এক, আর ক্ষমতায় গেলে অন্য চেহারা, কোন দলের জন্যই এমনটি করা ঠিক নয়।" বিদেশি কূটনীতিকদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "যুগ্মসচিব পর্যায়ের লোকেরা আমাদের দেশে গিয়ে যা করছে, তা কী ঠিক করছেন ?" জেনারেল মইন পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের পথই অনুসরণ করেছেন বলে মন্তব্য করেন বিরোধী দলীয় সাবেক এ হুইপ। সংসদের বিষয়ে বলেন, "মেজরিটি দিয়ে সব কিছু পাস করা সম্ভব। কিন্তু বিরোধী দল ছাড়া সংসদ কি ভাবা যায়?" রাজনৈতিক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে পক্ষপাতের অভিযোগ করে সরোয়ার বলেন, "সরকারি দলের সবার মামলা প্রত্যাহার হবে। আর বিরোধী দলীয় নেতাকর্মীদের মামলা প্রত্যাহার হবে না-এটা অন্যায়।" সরকার এখন নিজের দলকেই নিয়ন্ত্রণ করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। সেমিনারে অন্যান্যের মধ্যে নিউ ইর্য়কে বাংলাদেশের কনসাল জেনারেল এম সামসুল হক, প্রবাসী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল, ড. মহসিন আলী ও উত্তরবঙ্গ ফাউন্ডেশনের আবুল কাশেম বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসএইচ/এমআই/১৭৪৫ ঘ.