বাগেরহাট, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পরিবহন খাতকে জনগণের জন্য সেবামূলক শিল্প খাত হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
তিনি বলেন, "যাত্রীদের ভাল সেবা নিশ্চিত করতে সেবার মানসিকতা নিয়ে মালিক শ্রমিকদের এগিয়ে আসতে হবে।"
শুক্রবার সকালে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে বাগেরহাট আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতির দেওয়া সংবর্ধনার জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, "বিগত চারদলীয় জোট সরকারের সময়ে পরিবহন খাতে ব্যাপক চাঁদাবাজি হয়েছে। বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং দুর্নীতির উর্ধ্বে থেকে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে বদ্ধ পরিকর।"
এ সরকারের সময় যাতে চাঁদাবাজি না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, "সরকার পরিচালিত বিআরটিসি বাস জেলা শহরের ওপর দিয়ে নীতিমালা অনুয়ায়ী চলাচল করবে। এ ব্যাপারে অচিরেই একটি নীতিমালা তৈরি করা হবে। যে নীতিমালা মেনে বিআরটিসি বাস চলাচল করবে তার কপি খুব শিগগিরই বাস মালিক নেতাদের দেওয়া হবে।"
মহাসড়কে নসিমনসহ বিভিন্ন ধরনের স্থানীয় যান চলাচলের ব্যাপারে শাজাহান খান বলেন, "সমস্যা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা ২/১ দিনের মধ্যে সমাধান করা সম্ভব নয়।"
বাস মালিক ও শ্রমিকদের যেন যাত্রী পরিবহনে কোন সমস্যা সৃষ্টি না হয় সেদিকে স্থানীয় প্রশাসনকে সজাগ থাকার আহবান জানান তিনি।
বাগেরহাট আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সাংসদ ডা. মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৪ ঘ.
bdnews24