ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিলুপ্ত শান্তি বাহিনীর প্রধান সন্তু লারমাকে যুদ্ধাপরাধী দাবি করে একাত্তরের যুদ্ধাপরাধীদের সঙ্গেই তার ও তার বাহিনীর সদস্যদের বিচার চেয়েছেন বিএনপি নেতা আ স ম হান্নান শাহ।
তিনি শুক্রবার বলেন, "আমাদের (বাংলাদেশ) বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ করে থাকে, তাহলে তারা হলো সন্তু লারমার বাহিনী। তাই যুদ্ধাপরাধের অভিযোগে বিচার করতে হলে একটার কেন, সবারই বিচার করতে হবে।"
বাংলাদেশের স্বাধীনতার পর জাতিসত্ত্বার অধিকার আদায়ের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে অস্ত্র হাতে তুলে নিয়েছিল জনসংহতি সমিতির সামরিক শাখা শান্তি বাহিনী। বর্তমানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) ছিলেন ওই সংগঠনের প্রধান।
১৯৯৭ সালে সরকারের সঙ্গে জনসংহতি সমিতির পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের পর অস্ত্র ছেড়ে দেয় গেরিলা সংগঠন শান্তি বাহিনী।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হান্নান শাহ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে 'পার্বত্য অঞ্চল ঘিরে আঞ্চলিক ও আন্তর্জাতিক ষড়যন্ত্র: কোন পথে চলছে বাংলাদেশ' শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন।
তিনি বলেন, "পার্বত্য চট্টগ্রামে বহু যুদ্ধাপরাধ হয়েছে। কিন্তু কেউ বলে না, সন্তু লারমার বিচার করতে হবে।"
পার্বত্যাঞ্চলে বসবাসরত চাকমারা আদিবাসী নন দাবি করে হান্নান শাহ বলেন, "তারা কম্বোডিয়া থেকে বিতাড়িত হয়ে মিয়ানমার দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।"
গত ফেব্র"য়ারির বিডিআর বিদ্রোহের বিষয়ে তিনি বলেন, "বিডিআর বিদ্রোহের ফলে সবচে' বেশি লাভবান হয়েছে সন্তুরা। কারণ, এতে দেশের সীমান্ত রক্ষী বাহিনী দুর্বল হওয়ায় অরক্ষিত হয়ে পড়েছে সীমান্ত।"
বিডিআর বিদ্রোহকে নীল নকশা আখ্যায়িত করে হান্নান আরও বলেন, "এ সরকার শুধু পার্বত্য চট্টগ্রামের বিষয়েই নয়, বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাপারেও আন্তর্জাতিক শক্তির দেওয়া একটা এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছে। কারণ, এ আন্তর্জাতিক চক্র ও দেশের ভেতর থাকা তাদের সহযোগীরা এ সরকারকে ক্ষমতায় বসিয়েছে।"
সভায় সাংবাদিক মাহফুজউল্লাহ আদিবাসীদের আন্দোলনের সমালোচনা করে বলেন, "শুধু পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদেরই নয়, দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যেও বঞ্চনা রয়েছে। কোনও এলাকা উন্নয়ন বঞ্চিত হলেই কি আলাদা রাষ্ট্রের জন্য আন্দোলন করবে?"
পার্বত্য শান্তি
bdnews24