ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেবল খাদ্য সাহায্য দিয়ে মঙ্গা পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, "এতে দরিদ্র জনগোষ্ঠী সাহায্য নির্ভর হয়ে পড়ে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমেই এ পরিন্থিতির মোকাবেলা সম্ভব। এ অবস্থায় তাদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।"
রাজধানীর একটি হোটেলে 'কৃষিবিপ্লব সম্মাননা, ২০০৯' প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও জানান, সরকার অতি দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান ব্যবস্থায় মঙ্গাপ্রবণ এলাকাকে গুরুত্ব দিচ্ছে।
পাক্ষিক কৃষিবিপ্লব পত্রিকার উদ্যোগে কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।
আব্দুর রাজ্জাক বলেন, তিন দশকে দেশের কৃষিক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে। এ সময় দেশে খাদ্যশস্য উৎপাদন তিনগুণ বেড়েছে। স্বাধীনতার সময়ে দেশে খাদ্য উৎপাদনের পরিমাণ ছিল এক কোটি ১০ লাখ টন। বর্তমানে তা বেড়ে তিন কোটি ৩০ লাখ টন হয়েছে।
মন্ত্রী পরে কৃষি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২০ জনের হাতে সম্মাননা পদক তুলে দেন।
অনুষ্ঠানে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কৃষক আলী আকবর কৃষিতে তার সাফল্যের বর্ণনা দেন। এক বছরে তিনি চরের জমিতে ১০ হাজার মন ভূট্টা উৎপাদন করেন বলে জানান।
কৃষিবিপ্লব পত্রিকার সম্পাদক মোহাম্মদ নূরুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাহ-ই-আলম, আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউটের প্রতিনিধি ড. জয়নুল আবেদিন, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি জহিরুদ্দীন বাবর প্রমূখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/এইচএ/২৩৫৮ ঘ.
bdnews24