২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকাশমুখী ভবন নির্মাণ কৌশল নেওয়ার সুপারিশ

এখনই অপরিকল্পিত নগরায়ন বন্ধ করা না গেলে ২০৪০ সাল নাগাদ দেশে আবাদি জমি থাকবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে গৃহায়ন ও গণপূর্ত সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি আবাদি জমি রক্ষায় আকাশমুখী ভবন নির্মাণ কৌশল নেওয়ার জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 06:04 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখনই অপরিকল্পিত নগরায়ন বন্ধ করা না গেলে ২০৪০ সাল নাগাদ দেশে আবাদি জমি থাকবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে গৃহায়ন ও গণপূর্ত সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান এবিএম ফজলে করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের মোট আয়তনের বেশিরভাগই স্থলভাগ। বর্তমানে নগরায়নের যে পরিস্থিতি তা চলতে থাকলে আগামী ২০৪০ সাল নাগাদ দেশে আর কোনো আবাদি জমি থাকবে না।" ১০ সদস্যের সংসদীয় কমিটির প্রধান সংসদ ভবনে তার কার্যালয়ে বসে জানান, এ পরিস্থিতির কথা বিবেচনা করে নগর পরিকল্পনায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হয়েছে। নগর পরিকল্পনা'র বিষয়টি বিশ্লেষণ করে তিনি বলেন, "শিল্পাঞ্চল, আবাসিক, কূটনীতিক এলাকাসহ বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী সরকার আলাদাভাবে অঞ্চল চিহ্নিত করবে।" নগর পরিকল্পনার কৌশল নিরূপণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে একটি খসড়া নীতিমালা তৈরির জন্য সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। এ ব্যাপারে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, "আমরা শিগগির ওই খসড়া নীতিমালা জমা দেব। আবাদি জমি শূন্যকরণ রোধে আমরা আকাশমুখী ভবন নির্মাণ কৌশল নেবো।" শুধু ঢাকা নয়, সারা দেশের জন্য একটি গৃহায়ন নীতিমালা প্রস্তুত করা হচ্ছে বলেও জানান তিনি। সংসদীয় কমিটির সভায় মন্ত্রী জানান, পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বের ভিত্তিতে ঢাকার মহাখালী ও মিরপুরে চার হাজার ২৫৬টি ফ্ল্যাট নির্মাণ করার ব্যাপারে গণপূর্ত বিভাগ কাজ করছে। এছাড়া ঢাকার ওপর চাপ কমাতে চারটি স্যাটেলাইট টাউন তৈরি করা হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসএইচ/এমএসবি/০০১১ ঘ.