২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকারকে ইসি সংলাপের এজেন্ডায় রাখতে চায় না

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা না থাকার বিষয়টি নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলের সঙ্গে তাদের নির্ধারিত সংলাপের এজেন্ডায় রাখতে চায় না। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে কি তা নিয়ে জাতীয় আলোচনা হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 05:10 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা না থাকার বিষয়টি নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলের সঙ্গে তাদের নির্ধারিত সংলাপের এজেন্ডায় রাখতে চায় না। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে কি তা নিয়ে জাতীয় আলোচনা হতে পারে। "তবে রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের অনুষ্ঠেয় সংলাপের এজেন্ডায় এ বিষয়টি থাকবে না। এরপরও দলগুলো ইসির কাছে তাদের বক্তব্য তুলে ধরতে পারে।" সরকার কোনো সিদ্ধান্ত নিতে চাইলে এ বিষয়ে ইসি মতামত দেবেও বলে জানান তিনি। সাখাওয়াত বলেন, "নির্বাচন কমিশনকে তত্ত্বাধায়ক সরকারের বিকল্প করতে গেলে গণপ্রতিনিধিত্ব আদেশেও ব্যাপক পরিবর্তন আনতে হবে" অন্য নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, নির্বাচনী আইন নিয়ে আসন্ন রমজানেও রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ হতে পারে। গত বছরও এই সময়ে দলগুলোর সঙ্গে ইসি বৈঠক করে। তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। এজন্যে এ বিষয়ে সংসদই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।" গত ১৮ আগস্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ব্যর্থ হয়েছে মন্তব্য করে বলেন, এ ব্যবস্থা থাকবে কি না তা নিয়ে এখনই আলোচনা হওয়া দরকার। ইসি এ বিষয়ে দলগুলোর কাছে মতামত নিতে পারে। প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার উদ্ধৃতি দিয়ে আশরাফ বলেছিলেন, সিইসি বলেছেন রাজনৈতিক সরকারের অধীনেও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। বাংলাদেশ ছাড়া সব দেশেই এভাবেই নির্বাচন হচ্ছে। পরদিনই আশরাফের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, নিজেদের তত্ত্বাবধানে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্যই মহাজোট সরকার এ ব্যবস্থার পরিবর্তন চায়। ১২ আগস্ট সিইসি বলেছিলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য গণতান্ত্রিক সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার মূল বিষয় নয়, ভোটারদের নিরাপত্তাই গুরুত্বপূর্ণ। সদিচ্ছা থাকলে রাজনৈতিক সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব। গত ২৮ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বর্তমান সরকারের আমলে প্রথমবারের মতো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করতে সাংসদদের প্রতি আহবান জানান। এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদসহ কয়েকজন সাংসদও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির প্রস্তাব করেন। আওয়ামী লীগ ও বিএনপিসহ প্রধান দলগুলোর আন্দোলনের মুখে স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে দেশে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ব্যতিক্রমধর্মী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএইচ/এসকে/২২১২ঘ.