ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের সন্ত্রাস দমন বিষয়ে যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে মন্ত্রণালয়ে দেখা করে তিনি এ কথা জানান।
এক সরকারি তথ্যবিবরণীতে একথা বলা হয়।
এতে বলা হয়, মরিয়ার্টি মন্ত্রীকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাস দমনে বাংলাদেশকে সহযোগিতা করতে চায়। এক্ষেত্রে তারা র্যাব সদস্যের প্রশিক্ষণ দেবে।
দীপু মনিকে উদ্ধৃত করে তথ্যবিবরণীতে বলা হয়, ধর্মীয় চরমপন্থীদের ব্যাপারে বাংলাদেশ সবসময়ই আপোষহীন মনোভাব পোষণ করে।
এপ্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে জঙ্গি তৎপরতায় জড়িতদের পাকড়াওয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। জেএমবি'র সন্দেহভাজন বেশ কিছু জঙ্গিকে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তারও করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী মার্কিন দূতকে আরো জানান, দক্ষিণ এশীয় দেশগুলোর পুলিশ কর্মকর্তাদের জন্য বাংলাদেশ আগামী ৮-১০ নভেম্বর তিন দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এইচএ/২৩০০ ঘ.
bdnews24