২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেধাস্বত্ব আইনে এইচএসবিসি প্রধানের বিরুদ্ধে মামলা হচ্ছে

অনুমতি ছাড়া গান রেকর্ড করে বাজারজাত করার অভিযোগে মেধাস্বত্ব আইনে হংকং সাংহাই ব্যাংকের (এইচএসবিসি) বাংলাদেশের প্রধান নির্বাহীসহ তিনজনের বিরুদ্ধে মামলা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 03:29 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমতি ছাড়া গান রেকর্ড করে বাজারজাত করার অভিযোগে মেধাস্বত্ব আইনে হংকং সাংহাই ব্যাংকের (এইচএসবিসি) বাংলাদেশের প্রধান নির্বাহীসহ তিনজনের বিরুদ্ধে মামলা হচ্ছে। গায়ক, সুরকার, গীতিকার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আপেল মাহমুদ এ মামলাটি করছেন। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ব্যাংকটির বাংলাদেশের প্রধান নির্বাহী সঞ্জয় প্রকাশ, করপোরেট ব্যাংকিং প্রধান মো. মাহবুবুর রহমান এবং অর্থ বিভাগের (ফাইন্যান্স) প্রধান মোস্তফা আমিন আওলাদকে আসামি করে মামলাটি দায়ের করা হলেও এ আদালতে মেধাস্বত্ব আইনে মামলা বিচারের জন্য গ্রহণ করার উপযুক্ত নয় বলে তা ফেরত নিয়ে নেন বাদির আইনজীবীরা। আপেল মাহমুদ অভিযোগ করেন, তার গাওয়া ও সুরারোপিত 'একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি', 'তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে 'সহ বিভিন্ন গান অভিযুক্তরা তাদের অর্থায়নে বিনা অনুমতিতে রেকর্ড করে সিডি আকারে বাজারে ছেড়েছে। তিনি আরো অভিযোগ করেন, বাদির অনুমতি ছাড়া 'শতবর্ষের বাংলা গান' শিরোনামে এই সিডিগুলো শুধু বাজারজাতই করা হয়নি নতুন অপরিচিত শিল্পীদের দিয়ে ওই গানগুলো গাইয়ে তা রেকর্ড করে বাজারে ছাড়া হয়েছে যা কপিরাইট আইন অনুযায়ী একটি অপরাধ। আপেল মাহমুদের আইনজীবী আব্দুল মান্নান খান জানান, রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলাটি আবারও দায়ের করা হবে। এ সময় আদালতে শিল্পী নিজেও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/২০৪৪ঘ.