২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার ভয়াল ২১ আগস্ট

শুক্রবার ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে নজিরবিহীন গ্রেনেড হামলায় দলের এক কেন্দ্রীয় নেত্রীসহ অন্তত ২৪ জন নিহত ও শতাধিক আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 03:17 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে নজিরবিহীন গ্রেনেড হামলায় দলের এক কেন্দ্রীয় নেত্রীসহ অন্তত ২৪ জন নিহত ও শতাধিক আহত হয়। সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত ওই সমাবেশের প্রধান অতিথি শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার পরপরই উপুর্যপরি গ্রেনেড হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। স্থানীয় ইসলামী জঙ্গিবাদীরা ওই হামলার পেছনে দায়ী বলে ধারণা করা হয়। পাকিস্তানভিত্তিক জঙ্গী গোষ্ঠী লশকর ই তায়্যেবা এজন্য গ্রেনেড সরবরাহ করেছিল বলে সাক্ষ্যপ্রমাণে ইঙ্গিত পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ওই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। তবে গ্রেনেডের প্রচণ্ড শব্দে তার শ্রবণশক্তির গুরুতর ক্ষতি হয় যার জন্য তাকে বিদেশে চিকিৎসা নিতে হয়েছে। ২১ আগস্টের হামলায় নিহত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমান বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমানের স্ত্রী। দিবসটি পালনে আওয়ামী লীগ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে আছে বিকাল ৫টা ২০ মিনিটে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী বেদীতে শ্রদ্ধার্ঘ নিবেদন ও শহীদদের স্মরণে নীরবতা পালন। এছাড়া বিকাল সাড়ে ৫টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। প্রধানমন্ত্রী তার বাণীতে ২১ আগস্টের ঘটনার মূল পরিকল্পনাকারী, নিদের্শদাতা ও হত্যাকারীদের বিচারের মাধ্যমে এদেশ থেকে হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের চির অবসান ঘটানোর আহবান জানান। তিনি বলেন,'' ২১ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কালিমালিপ্ত দিন।'' প্রধানমন্ত্রী বাণীতে ওই ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শেখ হাসিনা বঙ্গবন্ধু এভিনিউর অস্থায়ী বেদীতে শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে ২১ আগস্ট দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের জন্য দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। কয়েক দফা তদন্ত কর্মকর্তা বদলের পর ২০০৮ সালের ১১ জুন জোট সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রী ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু এবং হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। পিন্টুর ছোট ভাই হরকাতুল জিহাদ নেতা মাওলানা তাজউদ্দিন এ মামলার অন্যতম পলাতক আসামী। পিন্টু ও হান্নানসহ ১৩ জন কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০২৬ঘ.