২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট হলে যান স্বাস্থ্য কেন্দ্রে: স্বাস্থ্যমন্ত্রী

সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্কিত না হয়ে জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট দেখা দিলে কাছের স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। দেশে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা ৮৭ জানিয়ে তিনি বলেছেন, এর মধ্যে ৩২ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 09:00 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্কিত না হয়ে জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট দেখা দিলে কাছের স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। দেশে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা ৮৭ জানিয়ে তিনি বলেছেন, এর মধ্যে ৩২ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। সোয়াইন ফ্লু মোকাবেলার করণীয় ঠিক করতে বৃহস্পতিবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। বৈঠকের পর ডা. রুহুল হক সাংবাদিকদের বলেন, "হাঁচির সময় রুমাল ব্যবহার করতে হবে, যেখানে সেখানে থুথু ফেলা যাবে না এবং হাঁচি-কাশির পর হাত ধুতে হবে। "আর জ্বর হলে বাড়িতে থেকে বিশ্রাম নিতে হবে এবং নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে হবে।" রোগীর সংখ্যার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "এখন পর্যন্ত দেশে সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা ৮৭। এর মধ্যে ৩২ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।" রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর অধীনে সোয়াইন ফ্লু আক্রান্তদের চিকিৎসা চলছে। ভারতে সোয়াইন ফ্লুর ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বাংলাদেশেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। ভারত সীমান্তের স্থলবন্দরগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমরা এখন পর্যন্ত পরিস্থিতি ভালোভাবে মোকাবেলা করেছি। আগামীতেও এ লক্ষ্যে প্রস্তুতি বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। "আশঙ্কার কথা হচ্ছে, প্রতিবেশী দেশ ভারতে সোয়াইন ফ্লুর ব্যাপক বিস্তৃতি ঘটেছে। এটি আমাদের দেশেও ছড়িয়ে পড়তে পারে। তবে আতঙ্কিত না হয়ে এ রোগের বিষয়ে সচেতন হতে হবে।" ভারতে সোয়াইন ফ্লুতে এক সপ্তাহে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে দেড় হাজার। ফ্লু মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "ফ্লু রোগীদের সেবা দেওয়ার জন্য ৩২ লাখ ক্যাপসুল মজুদ রয়েছে দেশে। আর এসব ওষুধ দেশেও তৈরি করা সম্ভব।" গত ১১ জুন সোয়াইন ফ্লু-কে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উচ্চ তাপমাত্রার জ্বর, কাশি, কফ এ রোগের লক্ষণ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এ রোগের জন্য দায়ী ভাইরাস এইচ১এন১ ছড়ায় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। যত্রতত্র কফ, থুথু না ফেলা ও সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তারা। বিশ্বে সোয়াইন ফ্লুতে এ পর্যন্ত দেড় হাজার জন মারা গেছে। আক্রান্তের সংখ্যা দেড় লক্ষাধিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এমআই/১৫১০ ঘ.