ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্যাঞ্চল থেকে সেনা প্রত্যাহারে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন দুটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
সেনা প্রত্যাহারে নিষেধাজ্ঞা চেয়ে গত ৯ আগস্ট আবেদন দুটি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম ও পার্বত্য এলাকায় বসবাসরত বদিউজ্জামান।
১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য শান্তি চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে এর আগে তারা দুটি রিট আবেদনও করেন।
ওই রিট আবেদনের শুনানির জন্য আগামী ২২ অক্টোবর তারিখ ধার্য করেছে আদালত।
সেনা প্রত্যাহার হলে ওই রিট আবেদন দুটি অকার্যকর হয়ে পড়বে- এ ভাবনা থেকে সেনা প্রত্যাহারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন তারা।
আদেশের তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত আবেদন দুটি খারিজ করে দিয়েছে। তবে শান্তি চুক্তির বৈধতা নিয়ে করা মূল রিট আবেদন দুটির শুনানির জন্য ২২ অক্টোবর তারিখ ধার্য করে দিয়েছে।"
এ বিষয়ে আপিল করা হবে কি না, জানতে চাওয়া হলে তিনি বলেন, "বিষয়টি আমরা চিন্তা করছি। পরে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।"
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "শান্তি চুক্তির কার্যক্রম অনেক আগে থেকেই শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী বেশ কয়েকটি আইন সংশোধন হয়েছে। এর আগেও ২০িি০ট সেনাক্যাম্প প্রত্যাহার করা হয়।
"সরকারকে বিব্রত করা এবং রাজনৈতিক ফায়দা হাসিলে আবেদন দুটি করা হয়। আদালত তা খারিজ করে দিয়েছেন।
আবেদনকারীর কৌঁসুলি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, "দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার জন্য আমরা আবেদন করেছিলাম। তবে আদালতের রায়ের বিষয়ে মন্তব্য করার কিছু নেই।"
তিনি বলেন, "মূল রিট আবেদনের শুনানির জন্য আগামী ২২ অক্টোবর তারিখ ধার্য করা হয়েছে। ওই শুনানিতে এ বিষয় নিষ্পন্ন হবে।"
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কৌঁসুলি ড. কামাল হোসেন বলেন, "আবেদন দুটি খারিজ হওয়ায় সেনা ক্যম্প প্রত্যাহার তথা পুনর্বিন্যাসে কোনও বাধা থাকছে।"
আদালতের আদেশে বলা হয়, সেনা প্রত্যাহারে নিষেধাজ্ঞার আবেদনে হঠাৎ বলা হলেও তা হঠাৎ নয়। সরকারের দেওয়া জবাবে স্পষ্ট যে কৌশলগত কারণে গত নয় বছর ধরে যে প্রক্রিয়ায় সেনা মোতায়েন ও প্রত্যাহারের প্রক্রিয়া চলছিল তার ধারাাহিকতায় এটা করা হয়েছে।
আদালত বলেছে, সরকার বিভিন্ন পর্যায়ে পার্বত্য চট্টগ্রাম থেকে ২০০টি সেনা ক্যাম্প প্রত্যাহার করেছে। ২০০৪ সালে ৬৩টি এবং ২০০৭ সালে ৪৮টি ক্যাম্প প্রত্যাহার করা হয়। তারই ধারাবাহিকতায় ৩৫টি ক্যাম্প প্রত্যাহারের সিদ্ধান্ত হচ্ছে। এরপরও ৩০০টি ক্যাম্প এবং ছয়টি স্থায়ী সেনানিবাস সেখানে থাকবে।
শান্তি চুক্তির পর ১৯৯৮ সালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন করা হয়েছে।
এ আইনসহ পার্বত্য চুক্তির বৈধতা নিয়ে করা রিট আবদন দুটি গ্রহণ করে আদালত ২০০০ এবং ২০০৭ সালে সরকারের প্রতি রুল জারি করেছিল।
বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ বলেছে, এ রুল দুটির নিষ্পত্তি করা প্রয়োজন। তাই ২২ অক্টোবর শুনানির তারিখ নির্ধারণ করা হলো।
এ বিষয়ে সরকারের কোনও বক্তব্য থাকলে তা ২০ অক্টোবরের মধ্যে দিতে বলা হয়েছে।
শুনানিতে আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, "সেনা প্রত্যাহার সরকারের একটি নির্বাহী সিদ্ধান্ত। এর বিরুদ্ধে আদালত আদেশ দিতে পারেন।"
ড. কামাল বলেন, "সেনা ক্যাম্প প্রত্যাহার একটি দীর্ঘ সময়ে প্রক্রিয়া। বিষয়টিকে আমাদের সামগ্রিকভাবে দেখতে হবে।"
অ্যাটর্নি জেনারেল বলেন, "পার্বত্য চুক্তির অনেকগুলো দিকই কার্যকর হয়ে গেছে। চুক্তির পর সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়েছে। সেনা প্রত্যাহার নিয়ে অপর পক্ষ আতঙ্ক সৃষ্টি করছে।"
তিনি বলেন, "সেনা প্রত্যাহারে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের সঙ্গে যে সব প্রতিবেদন দাখিল করা হয়েছে। তা কয়েকটি রাজনৈতিক দলের প্রতিবেদন।"
আবেদনকারীদের আইনজীবী মওদুদের দল বিএনপি এবং রাজ্জাকের দল জামায়াতে ইসলামী পার্বত্যাঞ্চলে সেনা প্রত্যাহারের বিরোধিতা করছে।
চট্টগ্রাম শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে আগামী সেপ্টেম্বরের মধ্যে বেশ কয়েকটি অস্থায়ী সেনা ক্যাম্প গুটিয়ে নেওয়াসহ এক ব্রিগেড সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পার্বত্যাঞ্চলে বসবাসরত বাঙালিদের বিরোধিতার মধ্যেই চলতি মাসে কয়েকটি ক্যাম্প গুটিয়ে নেওয়া হয়।
সেনা ক্যাম্প রাখার দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকে বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায় অবরোধও পালিত হচ্ছে।
তাজুল ও বদিউজ্জমানের আবেদনে গত ১৬ আগস্ট হাইকোর্ট সেনা ক্যাম্প প্রত্যাহার কয়েকদিনের জন্য স্থগিত রাখার আদেশ দিয়েছিলো। বুধবার সে আদেশ প্রত্যাহার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৩১০ ঘ.
bdnews24