২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ৪ গ্রাম প্লাবিত, বগুড়ায় ভারি বর্ষণে জনজীবনে দুর্ভোগ

উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বেড়িবাঁধ ভেঙে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। বগুড়ায় ভারি বর্ষণে জনজীবনে দুর্ভোগ নেমে আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 06:43 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বেড়িবাঁধ ভেঙে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। বগুড়ায় ভারি বর্ষণে জনজীবনে দুর্ভোগ নেমে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুনামগঞ্জ প্রতিনিধি জানান, পাহাড়ি ঢলে বুধবার দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ছিলাইপাড়া বেড়িবাঁধ ভেঙে পানিতে ৪টি গ্রাম প্লাবিত হয়েছে। প্লাবিত হওয়া গ্রামগুলো হল- বোগলা ইউনিয়নের আলমপুর, ছিলাইপাড়া, সোনাছড়া ও বালিছড়া। উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল হক জানান, পাহাড়ি ঢলে ছিলাইপাড়া বেড়িবাঁধটি ভেঙে যায়। এতে প্রায় ২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া উদ্দিন জানান, পরিস্থিতির অবনতি হলে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হবে। উপজেলা প্রশাসন থেকে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। এদিকে সুনামগঞ্জ সদর উপজেলায় সুরমা নদীর পানি বেড়েই চলছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হেকিম জানান, সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্টে বিপদসীমার ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ায় বুধবার টানা চারঘণ্টার ভারি বর্ষণে জনজীবনে দুর্ভোগ নেমে আসে। গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ ১৬৫ মিলিমিটার বৃৃষ্টিপাত রের্কড করা হয়েছে বলে জানান বগুড়া অফিসের সহকারী আবহাওয়াবিদ রুহুল আমিন। তিনি বলেন, এ নিয়ে গত চারদিনে বগুড়ায় ২৮৬ মিলিমিটার বৃৃষ্টিপাত রের্কড করা হয়। শহরের সাতমাথা, বিআরটিসি বাসডিপো, ট্রাক টার্মিনাল, সড়ক ও জনপথ অফিসসহ শহরের বেশকিছু নিমাঞ্চল হাঁটু পানির নিচে তলিয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জহুরুল হক জানান, গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি ও ধুনটে যমুনা নদীর পানি ৭ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাঙ্গালী নদীর পানি বিপদসীমার ৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএইচ/০০৫০ ঘ.