২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান সরকারের আমলেই পার্বত্য চুক্তি পুর্ণাঙ্গ বাস্তবায়ন: সাজেদা

বর্তমান সরকারের আমলেই পার্বত্য শান্তি চুক্তি পুর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। বুধবার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগ সরকার পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। তাই এ সরকারের আমলেই চুক্তি পুর্ণাঙ্গ বাস্তবায়িত হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 01:46 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

রাঙামাটি, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের আমলেই পার্বত্য শান্তি চুক্তি পুর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। বুধবার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগ সরকার পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। তাই এ সরকারের আমলেই চুক্তি পুর্ণাঙ্গ বাস্তবায়িত হবে।" "আমরা চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি যাতে দ্রুততম সময়ে তা বাস্তবায়ন করা যায়।" রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সভাকক্ষে সকালে ওই বৈঠক হয়। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাজেদা বলেন, " তিন পার্বত্য জেলায় ছয়টি সেনা ক্যান্টনমেন্ট ছাড়া বাকি সব অস্থায়ী সেনা ক্যাম্প পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে।" দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য ছয়টি ক্যান্টনমেন্ট থাকবে বলে উল্লেখ করেন তিনি। অস্থায়ী ক্যাম্প প্রত্যাহারের ফলে পার্বত্য চট্টগ্রামে কোনো বিশৃংখলা সৃষ্টি হবে না বলে আশা প্রকাশ করে সাজেদা বলেন, "কেউ এ নিয়ে বিশৃংখলা সৃষ্টি করতে চাইলে স্থানীয় মানুষই তাদের প্রতিহত করবে বলে আমি বিশ্বাস করি।" পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেন, "আওয়ামী লীগ সরকারের সময় এ চুক্তি হয়েছিল। এ বিষয়ে আলোচনায়ও অগ্রগতি হচ্ছে।" খুব দ্রুত এ চুক্তির পূর্ণ বাস্তবায়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ১৯৯৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করে। শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়নের অংশ হিসেবে এ মাস থেকেই বেশ কয়েকটি অস্থায়ী সেনা ক্যাম্পসহ এক ব্রিগেড সেনা প্রত্যাহার শুরু করে। হাইকোর্ট গত রোববার এক আদেশে বুধবার পর্যন্ত সেনা প্রত্যাহার স্থগিত রাখার নির্দেশ দেয়। বুধবার আবার সে আদেশ প্রত্যাহার করে নেয় আদালত। সেনা প্রত্যাহারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনও সন্তোষ প্রকাশ করেছে। তবে প্রধান বিরোধী দল বিএনপিসহ সমমনা দলগুলো সেনা প্রত্যাহারের বিরোধিতা করে আসছে। পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির বৈঠকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ও রাঙামাটির সাংসদ দীপঙ্কর তালুকদার, খাগড়াছড়ির সাংসদ জ্যোতিন্দ্রলাল ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও বান্দরবানের সাংসদ বীর বাহাদুরও অংশ নেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মোজাম্মেল হক খান, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান রুইথি কারবারি, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান কাহহ্লা মারমাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/ডিডি/এসএইচ/১৯৫৩ ঘ.