২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্যাঞ্চলে সেনা ক্যাম্প গুটানো স্থগিতের আদেশ প্রত্যাহার

পার্বত্যাঞ্চল থেকে সেনা ক্যাম্প গুটানো স্থগিতের আদেশ বুধবার প্রত্যাহার করেছে হাইকোর্ট। আলাদা দুটি আবেদনে গত ১৬ আগস্ট হাইকোর্ট সেনা ক্যাম্প প্রত্যাহার বুধবার পর্যন্ত স্থগিত রাখার আদেশ দিয়েছিলো। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 10:53 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্যাঞ্চল থেকে সেনা ক্যাম্প গুটানো স্থগিতের আদেশ বুধবার প্রত্যাহার করেছে হাইকোর্ট। আলাদা দুটি আবেদনে গত ১৬ আগস্ট হাইকোর্ট সেনা ক্যাম্প প্রত্যাহার বুধবার পর্যন্ত স্থগিত রাখার আদেশ দিয়েছিলো। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চের বুধবারের আদেশে বলা হয়, গত ১৬ আগস্ট সেনা প্রত্যাহারের ওপর দেওয়া স্থগিতাদেশ তুলে নেওয়া হলো। তবে আদালত একইসঙ্গে আশা প্রকাশ করেছে, আবেদন দুটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকার এ বিষয়ে কোনও নির্বাহী আদেশ জারি করবে না। আদালত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রিটের শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেছে। আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "আদালত সেনা ক্যাম্প প্রত্যাহারের ওপর যে স্থগিতাদেশ দিয়েছিলেন, তা তুলে নিয়েছেন। তবে আদালত আশা প্রকাশ করেছেন, সেনা ক্যাম্প প্রত্যাহারের নিষেধাজ্ঞার আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকার এ বিষয়ে কোনও নির্বাহী আদেশ জারি করবে না।" আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেন, "সেনা ক্যাম্প প্রত্যাহারে নিষেধাজ্ঞা দিয়ে ১৬ আগস্টের আদেশ তুলে নিয়েছে হাইকোর্ট।" ১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে আগামী সেপ্টেম্বরের মধ্যে বেশ কয়েকটি অস্থায়ী সেনা ক্যাম্পসহ এক ব্রিগেড সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। পার্বত্যাঞ্চলে বসবাসরত বাঙালিদের বিরোধিতার মধ্যেই চলতি মাসে কয়েকটি ক্যাম্প গুটিয়ে নেওয়া হয়। সেনা প্রত্যাহারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে গত ১৩ আগস্ট অ্যাডভোকেট তাজুল ইসলাম ও পার্বত্য এলাকায় বসবাসরত বদিউজ্জামান দুটি আবেদন করেন। বুধবার শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, "এর আগেও বিভিন্ন সরকারের আমলে পার্বত্য চট্টগ্রাম থেকে ২০০ সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। "৩৫টি অস্থায়ী ক্যাম্প তুলে নেওয়া হলেও পার্বত্য চট্টগ্রামে ছয়টি ক্যান্টনমেন্টে এই সেনারা অবস্থান করবেন। তারা যে কোনও পরিস্থিতি মোকাবেলায় ওই এলাকায় যেতে পারবেন।" আদালত আবেদনকারীদের কাছে জানতে চান, গত ৯ বছরে কেন সেনা প্রত্যাহারের বিষয়ে নিষেধাজ্ঞার আবেদন করা হয়নি। জবাবে আবেদনকারীদের কৌঁসুলি ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, "সরকার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সেনা ক্যাম্প প্রত্যাহার না করলে এ আবেদন করা হতো না।" সেনা ক্যাম্প প্রত্যাহারের সিদ্ধান্তের পর পার্বত্যাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করেন মওদুদ। ব্যারিস্টার মওদুদের দল বিএনপি এবং ব্যারিস্টার রাজ্জাকের দল জামায়াতে ইসলামী সেনা প্রত্যাহারের বিরোধিতা করছে। স