ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার বিওএ'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনে দ্বিতীয় কোনো প্রার্থী না থাকায় সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীনকে সভাপতি ঘোষণা করেন নির্বাচন কমিশনার গাজী মিজানুর রহমান।
১২ আগস্ট সেনাপ্রধানের পক্ষে মনোনয়ন পত্র জমা দেন বিওএ পরিচালক ও সিও অবসরপ্রাপ্ত কর্নেল ওয়ালি উল্লাহ। নির্ধারিত দিনে দ্বিতীয় কেউই মনোনয়ন জমা দেননি।
ফলে মনোনয়ন পত্র প্রত্যাহারের দিনই জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ম সচিব গাজী মিজানুর রহমান।
এর আগে বিওএ সভাপতির দায়িত্বে ছিলেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মইন উ আহমেদ। দুই মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি। প্রথমবার মনোনীত হলেও গত বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন তিনি।
সেনা প্রধানের পদ থেকে অবসর নেওয়ার পর বিওএ সভাপতির পদও ছেড়ে দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসএইচ/এইচএ/০১১৫ ঘ.
bdnews24