২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যবিত্তদের অ্যাপার্টমেন্ট কেনার সুযোগ দেওয়ার সুপারিশ

মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যেন অ্যাপার্টমেন্ট কিনতে পারেন এজন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ঋণ চালুরপরামর্শ দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান অলি আহমদ একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 05:04 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যেন অ্যাপার্টমেন্ট কিনতে পারেন এজন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ঋণ চালুরপরামর্শ দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান অলি আহমদ একথা জানান। তিনি বলেন, "বিভিন্ন দেশেই ফ্ল্যাট কেনার জন্য ব্যাংকগুলো ঋণ দিয়ে থাকে। ভোক্তারা সেই ঋণ দিয়ে ফ্ল্যাট ক্রয় করে সেখানে বসবাসের পাশাপাশি ব্যাংককে মাসিক ভিত্তিতে কিস্তি পরিশোধ করে দেয়।" এ ধরনের ঋণ ব্যবস্থা চালু করা হলে মাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করে নিম্ন মধ্যবিত্তরাও ফ্ল্যাটের মালিক হতে পারবেন। সভায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশে এ ধরনের ঋণ চালু করার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও উপস্থিত ব্যাংক কর্মকর্তারা আশ্বস্ত করেছেন বলে জানান অলি আহমদ। এছাড়া খেলাপি ঋণ পুনঃতফসিলিকরণের ধারাটি বাতিলেরও সুপারিশ করেছে কমিটি। এ ব্যাপারে অলি আহমদ বলেন, "ঋণ খেলাপিরা পুনঃতফসিল ব্যবস্থার সুযোগে আরো বেশি করে আর্থিক অনিয়ম করে। এটি অবশ্যই বন্ধ করতে হবে।" সভায় উপস্থিত কমিটির সদস্য সাংসদ নজরুল ইসলাম জানান, প্রতিবছর মাত্র ১০ শতাংশ সুদে ঋণ পুনঃতফসিলের সুযোগ নিয়ে খেলাপিরা ঋণের টাকা পরিশোধ করা থেকে পার পেয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় আড়াই হাজার কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এইচএ/২২৫০ ঘ.