নারায়ণগঞ্জ, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতারা ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। তারা সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সমাবেশে ব্যবসায়ী নেতারা এ ঘোষণা দেন।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্টি'র সভাপতি এ কে এম সেলিম ওসমান বলেন, "সন্ত্রাস ও চাঁদাবাজির মূল শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হলে গুটি কয়েক সন্ত্রাসী মাথা তোলার সাহস পাবে না। অথচ আমরাই তাদের কাছে জিম্মি।"
তিনি মনে করেন, ব্যবসায়ীরা মুখ না খুললে সরকারের পক্ষে সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করা কখনোই সম্ভব হবে না।
চেম্বার সভাপতি গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে দ্রুত উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি নারায়ণগঞ্জ জেলার পাঁচ সাংসদের উদ্দেশ্যে বলেন, "জনগণ ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করেছে। আপনারা ব্যবসায়ীদের সমস্যা সমাধানে উদ্যোগী হন। ব্যবসায়ীরাও আপনাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করবে।"
ঈদের পরে নারায়ণগঞ্জের সব ব্যবসায়ীকে নিয়ে মহাসম্মেলন করা হবে বলে জানান ব্যবসায়ী নেতা সেলিম ওসমান।
সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- ব্যবসায়ী নেতা আব্দুর রহমান, মতিউর রহমান, মোহাম্মদ আইউব, মঞ্জুরুল হক প্রমুখ।
ব্যবসায়ী নেতারা বলেন, গুটি কয়েক সন্ত্রাসীর কাছে নারায়ণগঞ্জের ২০ হাজার ব্যবসায়ী-শিল্পপতি জিম্মি থাকতে পারে না। এসব শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে ৩০ লাখ লোক কাজ করে। অথচ ভয়ে ব্যবসায়ীরা সন্ত্রাসীদের নাম কেউ বলে না। তাই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কিছু করতে পারে না।
তারা বলেন, ব্যবসায়ীদের ঐকবদ্ধ হওয়ার বিকল্প নেই। ৩০ লাখ লোককে একই কাতারে এনে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করা হবে।
সমাবেশে মিনিবাস মালিক ঐক্যজোট, লৌহ ব্যবসায়ী মালিক সমিতি, লবণ মিল আড়তদার সমিতি, দোকান মালিক সমিতি, ইট প্রস্তুত কারক মালিক সমিতি, আটা-ময়দা মিল মালিক সমিতি, জুয়েলারি সমিতি, সার ব্যবসায়ী সমিতি, দ্বিগুবাবু বাজার মালিক সমিতি, প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন, ভূষা মাল মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি, ফার্নিচার এসোসিয়েশন, লাচ্চা সেমাই প্রস্তুতকারক মালিক সমিতি, জুতা ব্যবসায়ী সমিতি, জেলা রেস্তোরাঁ মালিক সমিতিসহ ২৯টি ব্যবসায়ী সংগঠনের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৩ ঘ.
bdnews24