২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রক্ষণাবেক্ষণের দায়িত্ব উপজেলা পরিষদে ন্যস্ত

দেশের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব সুনির্দিষ্ট কারো ওপর না থাকায় এগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। তাই সরকার এসব কেন্দ্র রক্ষণাবেক্ষণের দায়িত্ব উপজেলা পরিষদের ওপর দিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 02:34 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব সুনির্দিষ্ট কারো ওপর না থাকায় এগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। তাই সরকার এসব কেন্দ্র রক্ষণাবেক্ষণের দায়িত্ব উপজেলা পরিষদের ওপর দিচ্ছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক মঙ্গলবার রাজধানী আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মিলনায়তনে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের 'সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি'র আওতায় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ও সুনামির কারণে উপকূলীয় এলাকার স্বাভাবিক জীবনযাপন ও অবকাঠামোর ঝুঁকি নিরূপণ ও আশ্রয়কেন্দ্র বিষয়ক তথ্য হালনাগাদকরণ বিষয়ক এ কর্মশালার আয়োজন করা হয়। সিডর ও আইলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে ড. আব্দুর রাজ্জাক বলেন, এ কারণে উপকূলীয় জনগণের জানমাল রক্ষা এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে নিরাপদ অবকাঠামো গড়ে তুলতে নতুনভাবে ডিজাইন করা হচ্ছে। মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ নির্মূল করা সম্ভব না হলেও অবকাঠামোগত উন্নয়ন ও কার্যকর ব্যবস্থা নিয়ে জানমালের ক্ষতি কমিয়ে আনা সম্ভব। সরকার উপকূলীয় এলাকায় অবকাঠামোগত উন্নয়ন এবং মানুষ ও গবাদিপশুর জন্য আরো আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছে। যেসব এলাকায় আশ্রয় কেন্দ্র কম সেখানে অগ্রাধিকার দিয়ে এসব নির্মাণ করা হবে। মন্ত্রী বলেন, উপকূলীয় এলাকার জনগণের বাড়িঘর মজবুত কাঠামোর ওপর তৈরির বিষয়েও চিন্তা-ভাবনা হচ্ছে। বর্তমানে দেশের মোট জনসংখ্যার ৩০ ভাগই উপকূলীয় জেলায় বসবাস করে। ২০১৫ সালে এ সংখ্যা চার কোটি ৪০ লাখ এবং ২০৫০ সালে ছয় কোটি ১০ লাখে উন্নীত হবে বলে জানান মন্ত্রী। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রিজনার , ইউরোপীয় কমিশনের ডেলিগেশন প্রধান মিল্কো ভ্যান গুল , দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক ফরহাদউদ্দিন ও সিডিএমপি'র কারিগরি উপদেষ্টা ইয়ান রেক্টর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০৪৬ঘ.