চট্টগ্রাম, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাইতুল ইজ্জতে বিডিআর বিদ্রোহের ঘটনায় আটক জওয়ানদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে তাদের স্বজনরা।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় নগরীর প্রেসক্লাব চত্বরের সামনে তারা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে।
এ সময় আটক জওয়ানদের স্ত্রী-সন্তান ও আত্মীয়রা তাদের মুক্তির ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। প্রতিহিংসা বর্জন করে বিডিআর সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণারও দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া আটক এক বিডিআর জওয়ানের আত্মীয় কাজল সেন বলেন, "আমরা অপারগ হয়ে রাস্তায় নেমেছি। আমাদের পরিবারগুলোতে করুণ পরিস্থিতি বিরাজ করছে। যারা অন্যায় করেছে তাদের সাজা দিলে আপত্তি নেই। তবে যারা বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন না তাদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।"
আটকদের মুক্তির দাবিতে ভবিষ্যতে আরও কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে চট্টগ্রামের সাতকানিয়ায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার অভিযোগ গঠনের দিন নির্ধারিত থাকলেও মঙ্গলবার তা হয়নি। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া আগামী ৩০ সেপ্টম্বর পুনরায় অভিযোগ গঠনের দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রপক্ষের সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক অভিযোগ গঠনের নতুন তারিখ ধার্য করেছেন।"
তিনি আরও জানান, আটক ৭২ বিডিআর সদস্যের জামিনের আবেদন জানানো হলে মঙ্গলবার বিচারক তা নামঞ্জুর করেন।
এর আগে সকালে ১শ' বিডিআর সদস্যকে দুটি প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে আসা হয়। এসময় আদালত ভবন ও এর আশপাশের এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়।
গত ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহের সময় সাতকানিয়ার বাইতুল ইজ্জতে ট্রেনিং সেন্টারে জওয়ানরা বিদ্রোহ করে। এ ঘটনায় সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ১৪ মে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। এর একদিন আগে বাইতুল ইজ্জত থেকে ১শ' বিডিআর সদস্যকে আটক করা হয়।
তারা বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এইচএ/২০০০ ঘ.
bdnews24