চট্টগ্রাম, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ট্র্যানজিট কান্ট্রি' হলে বাংলাদেশের উপকার হয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করে তিনি বলেন, "বাংলাদেশ ট্র্যানজিট কান্ট্রি হলে আমাদের উপকার হয়। বিশ্বায়নের এ যুগে ট্র্যানজিট বিষয়ে কূপমণ্ডুক ধারণা বিসর্জন দিতে হবে।"
যে কাউকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে দেওয়া উচিত জানিয়ে মুহিত বলেন, "সকল দেশের সকল বন্দর উন্মুক্ত করে দেওয়া উচিত।"
বন্দরনগরীর মেয়রের সঙ্গে কাউন্সিলরদের এ মতবিনিময় সভা সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে।
মুহিত বলেন, "১৯৭২ সালের ১৪ জানুয়ারি বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলাদেশ হবে এশিয়ার সুইজারল্যান্ড।
"সুইজারল্যান্ড হল ইউরোপের ট্র্যানজিট কান্ট্রি। এ কারণে বঙ্গবন্ধু আজ থেকে ৩৯ বছর আগে সময়োপযোগী ও প্রয়োজনীয় এই বিষয়টি ভেবেছিলেন।"
চট্টগ্রামকে এশিয়ান হাইওয়েতে অন্তর্ভুক্ত করতে এখানকার মেয়র ও অন্যদের দাবিকে যৌক্তিক আখ্যায়িত করে মন্ত্রী বলেন, "আগের বিএনপিসহ জোট সরকার এশিয়ান হাইওয়েতে যুক্ত না হওয়ায় সিলেটের তামাবিল বা অষ্টগ্রামের মধ্যে একটিকে আউটপয়েন্ট হিসেবে বেছে নিতে হবে।
"তবে আমরা চাই, মিয়ানমার দিয়ে যাতে রুটটি বের হয়ে যেতে পারে। আর মিয়ানমার এটা চায় না।"
মুহিত বলেন, "এই রুট হোক বা না হোক নিজেদের প্রয়োজনে আমরা টেকনাফ পর্যন্ত হাইওয়ে নিয়ে যাব।"
তিনি বলেন, "বর্তমান সরকার শেষ করতে না পারলেও গভীর সমুদ্র বন্দরের কাজ শুরু করে দিয়ে যাবে।"
এ ছাড়াও মন্ত্রী সিটি গভর্নমেন্ট ও জেলা পরিষদ প্রবর্তনের মাধ্যমে ক্ষমতা বিকেন্দ্রীকরণ, কর্ণফুলী গ্যাস কোম্পনি গঠন এবং চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
মুহিত আরও বলেন, "এ সরকারের লক্ষ্য মানুষের হয়রানি বন্ধ করা। সরকার দুঃশাসন ও দুর্নীতির মাধ্যমে মানুষকে বড় কষ্ট দেয়। এ দু'টি বন্ধ করতে পারলে দেশকে ১০ বছরের মধ্যে সুখী-সমৃদ্ধ দেশে পরিণত করা অসম্ভব কিছু না।"
সভায় মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতির বক্তব্যে চট্টগ্রামের মধ্য দিয়ে এশিয়ান হাইওয়ের রুট করার দাবি জানান। তিনি বলেন, "প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর ও চট্টগ্রাম বন্দর প্রতিবেশী অন্যান্য দেশকে ব্যবহার করতে দিলে এবং ভারতকে ট্র্যানজিট দিলে জাতীয় অর্থনীতি চাঙ্গা হবে।"
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সীতাকুণ্ডের সাংসদ আবুল কাশেম, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমেদ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এমএন ছিদ্দিক প্রমুখ।
আরএআর/ডিডি/এসএইচ/এসকে/২২৩৬ঘ.
bdnews24