চট্টগ্রাম, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের নেতাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ।
শনিবার গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত খুলশী, আগ্রাবাদ, বায়েজীদ ও চান্দগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলো- ছিনতাইকারীদের দলনেতা ইমাম হোসেন ইমন (২৮), মো. সেলিম (৩২), আবদুল হাকিম (১৯), অটোরিকশা চালক মোহাম্মদ মুুসলিম (৪০), আবদুল কাদের (৩০), আলাউদ্দিন (৩০), মাইন উদ্দিন (৫০) ও আলতাফ হোসেন রানা (১৮)।
এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা আটক এবং ছিনতাই হওয়া ৮ টি মুঠোফোন সেট, পাঁচটি মানিব্যাগ ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়।
এদের কয়েকজন এর আগে ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার ও সাজা ভোগ করেছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারী দলের নেতা ইমনকে তার হামজারবাগ এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্যদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন এলাকায় বসবাস করলেও তারা সংঘবদ্ধ হয়ে খুলশী এলাকার জাকির হোসেন রোড ও বন্দর এলাকায় ছিনতাই করতো। তারা সাধারণত দ্রুতবেগে অটোরিকশায় এসে রিকশা যাত্রীদের ব্যাগ ও মুঠোফোন সেট ছিনতাই করতো।
দলনেতা ইমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, দিনে গড়ে তার দল তিনটি করে ছিনতাই করে থাকে।
মহিলা রিকশা যাত্রীদের কাছ থেকে ছিনতাই করতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে বলেও সে জানায়।
ইমন আরও জানায়, বছর দুয়েক আগে কুয়েত থেকে ফিরেই সে ছিনতাইয়ে নামে। পাঁচ মাস আগে ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে তিন মাস জেল খেটেছে। দুই মাস আগে জামিনে বেরিয়ে আবার ছিনতাইয়ে লিপ্ত হয়। গত দুই মাসে তার দল ৬০টির মতো ছিনতাইয়ে জড়িত ছিল।
এই ৮ ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এইচএ/২১১০ ঘ.
bdnews24