ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবেশী রাষ্ট্র ভারতে সোয়াইন ফ্লু'র বিস্তার ঘটলেও এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক।
তিনি এইচ১এন১ ভাইরাসের বিষয়ে সচেতনতা সৃষ্টি ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
রোববার মন্ত্রণালয় থেকে বের হওয়ার সময় মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
রুহুল হক বলেন, "ওষুধ ও প্রশিক্ষিত চিকিৎসকসহ যথেষ্ট প্রস্তুতি রয়েছে আমাদের। এখনো চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জেলা হাসপাতালগুলোতে এ রোগের চিকিৎসার সুযোগ রয়েছে। তাই এ নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই।"
তবে কেবল বিভিন্ন দেশ থেকে আগতদের মাধ্যমে এ সোয়াইন ফ্লু'র বিস্তার ঘটছে এমনটি মনে করেন না স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, "দেশের ভেতরেও হাঁচি-কাঁশি থেকে এ রোগের বিস্তার ঘটছে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে। রোগের লক্ষণ দেখা গেলেই তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যেতে হবে।"
দেশে এ পর্যন্ত সোয়াইন ফ্লু আক্রান্ত মোট ৩৭ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকেই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।
ভারতে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ায় এ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমাদের এখানে এখনো রোগটি সেভাবে বিস্তার লাভ করেনি। তবে যেকোনো সময় এর বিস্তারের আশংকা রয়েছে। তাই আমাদের নিজেদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।"
রুহুল হক জানান, বিদেশ থেকে বৈধভাবে আসা লোকদের ব্যাপারে সরকার কঠোর সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। তাদের পরীক্ষা করে দেশে ঢুকতে দেওয়া হচ্ছে। তবে অবৈধভাবে আসা লোকদের ব্যাপারে সরকারের কিছু করার নেই। তাই অবৈধ প্রবেশ যাতে না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলেন তিনি।
ভারতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে দেড় হাজার। মারা গেছে ২৫ জন।
গত ১১ জুন সোয়াইন ফ্লু-কে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উচ্চ তাপমাত্রার জ্বর, কাশি, কফ এ রোগের লক্ষণ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এইচ১এন১ ভাইরাস ছড়ায় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
যত্রতত্র কফ, থুথু না ফেলা ও সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এইচএ/১৯৩২ ঘ.
bdnews24