২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যার সমাধান জরুরি'

পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যার সমাধান অত্যন্ত জরুরি বলে মত দিয়েছে রাঙ্গামাটি সফরে আসা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2009, 06:23 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

রাঙামাটি, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)- পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যার সমাধান অত্যন্ত জরুরি বলে মত দিয়েছে রাঙ্গামাটি সফরে আসা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশন। শুক্রবার রাঙ্গামাটি সফরের দ্বিতীয় দিনে কমিশনের নেতৃবৃন্দ গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বলেন, ভূমি কমিশনের কাজ শুরুর ব্যাপারে পাহাড়ি-বাঙ্গালিদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। পার্বত্যবাসীরা কেউ কেউ জানিয়েছেন, ভূমি কমিশন ভূমি সংক্রান্ত যে চূড়ান্ত রায় দেবে তা তারা মেনে নেবেন। ভূমি কমিশন এ কাজে স্বচ্ছতার প্রমাণ দেবে বলে কমিশন আশা করে। সকাল ১০ টার দিকে কমিশনের সদস্যরা দুটি দলে ভাগ হয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষন কমিটির নেতা গৌতম দেওয়ান সুদত্ত বিকাশ তংচংগ্যাসহ কমিটির অন্যান্য নেতাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন। পরে কমিশনের দলনেতা ও কো-চেয়ার যুক্তরাজ্যের লর্ডসভার সদস্য এরিক অ্যাভেব্যুরি বলেন, "পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ। তবে ক্যাম্প প্রত্যাহারের কাজ কতটুকু স্বচ্ছ হচ্ছে তা দেখার বিষয়। পরিবর্তিত পরিস্থিতিতে সেনা প্রত্যাহার হওয়ায় এলাকার লোকজনের মধ্যে যে উদ্বেগ ও ভয় রয়েছে সেব্যাপারে যেন সরকার নজর রাখে।" লর্ড অ্যাভেব্যুরি আরো বলেন, বর্তমান নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর পার্বত্য চট্টগ্রামে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী অঙ্গীকার হিসেবে পার্বত্য শান্তি চুক্তির পূর্ন বাস্তবায়নের এটাই সঠিক সময়। কমিশনের আরেক কো-চেয়ার তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, "সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিত হয়েছি, যতটুকু নিরাপত্তা প্রয়োজন তটটুকু দেওয়া হবে। পার্বত্য সমঅধিকার আন্দোলনের সঙ্গে জড়িতরা সেনা প্রত্যাহারের কারণে উদ্বেগ প্রকাশ করলেও স্থানীয় বাঙালিরা ভিন্নমত দিয়েছেন।" কমিশনের সদস্যদের মধ্যে ছিলেন ব্যারিষ্টার সারা হোসেন, ড. ইডা নিকলসন, ড. মেঘনা গুহ ঠাকুরতা, ক্রিশ্চিয়ানা নিকলসন ও হানা সামস আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২৩৫০ ঘ.