২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোকাবহ ১৫ আগস্ট শনিবার

স্বাধীনতা সংগ্রামের নেতা, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ৩৪ তম বার্ষিকী শনিবার। বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকরের দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে এদিন জাতি পালন করবে জাতীয় শোক দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2009, 06:01 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা সংগ্রামের নেতা, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ৩৪ তম বার্ষিকী শনিবার। বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকরের দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে এদিন জাতি পালন করবে জাতীয় শোক দিবস। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সরকারি ছুটির দিন। দিনের শুরুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করবেন। এরপর প্রধানমন্ত্রী বনানীতে ১৫ আগস্ট নিহতদের কবরে পুস্পমাল্য অর্পণ করবেন। এরপর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও সমাজের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। গতবার অনেকটা সাদামাটা কর্মসূচির মধ্যে রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন করা হলেও এবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দিনটি বৃহৎ পরিসরে পালিত হচ্ছে। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে একদল বিপদগামী সেনাসদস্য ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়িতে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব, বড় ছেলে শেখ কামাল, মেজো ছেলে শেখ জামাল, ছোট ছেলে শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের ও পুলিশের বিশেষ শাখার সাব ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানকে গুলি করে হত্যা করে। সেই রাতে আরও নিহত হন বঙ্গবন্ধুর বোনের স্বামী আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবী ও শিশুপৌত্র সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, নিকটাত্মীয় শহীদ সেরনিয়াবাত, রিন্টু ও ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল। তখন থেকেই আওয়ামী লীগ দলীয়ভাবে দিনটি পালন করে আসছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৫ আগস্ট প্রথমবারের মতো রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করে। কিন্তু বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট ক্ষমতায় এসে ২০০২ সালে দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত বাতিল করে। এছাড়া জাতীয় পতাকা বিধি সংশোধন করে সরকার নির্ধারিত দিন ছাড়া জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর থেকে আওয়ামী লীগের দলীয় কর্মসূচির মধ্য দিয়েই দিনটি পালিত হয়ে আসছিল। গতবছর হাইকোর্ট এক রায়ে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহালের নির্দেশ দেয়। সরকারও সে অনুযায়ী দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় এবং ১৫ আগস্ট ছুটির দিন ঘোষণা করে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, "১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙ্গালি জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এই দিনে স্বাধীনতা বিরোধী শক্তির মদদে কতিপয় বিপথগামী সেনাসদস্য সপরিবারে হত্যা করে এই মহান নেতাকে। এই ঘটনায় গোটা জাতি গভীরভাবে মর্মাহত ও শোকে মুহ্যমান।" প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, "যুদ্ধ বিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু যখন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে সোনার বাংলা গড়ার লড়াইয়ে নিয়োজিত তখনই তাকে হত্যা করা হয়। ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। চৌদ্দ কোটি বাঙালির অন্তরে লালিত হচ্ছে তার সংগ্রামী জীবনাদর্শ। এটাই আমাদের সকল শক্তির উৎস। আসুন, জাতির জনককে হারানোর শোককে শক্তিতে পরিণত করে সংগ্রামের পথে এগিয়ে যাই দৃপ্ত পদক্ষেপে।" প্রধানমন্ত্রী শনিবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সরকারের কর্মসূচি অনুযায়ি দিনটি উপলক্ষ্যে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং আলোচনা সভার আয়োজন করা হবে। দিনটি উপলক্ষ্যে সারাদেশের মসজিদে বিশেষ মোনাজাত, মন্দির, গীর্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। এছাড়া জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়,বিভাগ, ও সংস্থা জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে স্ব-স্ব কর্মসূচি পালন করবে। জেলা-উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদসহ জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে স্ব স্ব কর্মসূচি পালন করবে। সরকারের পাশাপাশি দলীয়ভাবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো আগস্ট মাসের শুরু থেকে নানা কর্মসূচি পালন করে আসছে। শনিবারও পালন করবে নানা কর্মসূচি। দলীয় কর্মসূচি অনুযায়ি ভোর সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সংগঠনের সকল স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করার কথা। সকাল সাতটায় বঙ্গবন্ধু ভবনে (বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সাড়ে সাতটায় বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহতদের কবর জিয়ারত, ফাহেতা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল আয়োজনের কর্মসূচি রয়েছে। দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত দেশের সকল মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ও জেলা, উপজেলা, ইউনিয়নে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। দিনটি উপলক্ষ্যে রোববার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) আলোচনা সভার আয়োজন করবে আওয়ামী লীগ। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন অবসানের পর পূর্ব পাকিস্তানে ছাত্রলীগ গঠনের মাধ্যমে বঙ্গবন্ধু রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন। এরপর '৫২-র ভাষা আন্দোলন, '৫৪-তে যুক্তফ্রন্টের নির্বাচন, '৬৬-তে ঐতিহাসিক ছয় দফা ঘোষণা এবং '৬৮-তে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসেবে শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসংবাদিত নেতায় পরিণত হন। ১৯৬৯-এ ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিবকে কারামুক্ত করে তাকে বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করে। ১৯৭১ সালের উত্তাল মার্চে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) বিপ্লবী কণ্ঠে বঙ্গবন্ধুর স্বাধীনতার চূড়ান্ত ডাক- 'এবারের সংগ্রাম-আমাদের মুক্তির সংগ্রাম; এবারের সংগ্রাম- আমাদের স্বাধীনতার সংগ্রাম' জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে এবং ঐক্যবদ্ধ হতে প্রেরণা যোগায়। তার নেতৃত্বেই দীর্ঘদিনের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএ/এএনএস/এইচএ/