খাগড়াছড়ি, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের অংশ হিসেবে খাড়াছড়ির পানছড়ি উপজেলার ছোট পানছড়ি এলাকা থেকে একটি বিডিআর ক্যাম্প শুক্রবার বিকেলে প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে খাগড়াছড়ি ও গুইমারা ব্রিগেডের অধীন সেনা ক্যাম্পসহ পাঁচটি ক্যাম্প প্রত্যাহার করা হল।
বিডিআর পানছড়ি সাব জোনের কমান্ডার মেজর আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেল ৫টার মধ্যে এ ক্যাম্পটি প্রত্যাহার করে ২৫ জন জওয়ানকে পানছড়ি বিডিআর জোনের আওতায় আনা হয়েছে।
ক্যাম্পটি গত বুধবার প্রত্যাহারের কথা থাকলেও গুচ্ছগ্রামবাসী ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের বাধার কারণে সম্ভব হয়নি।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত বুধবার থেকে আজ (শুক্রবার) পর্যন্ত বোঝানোর ফলে অবরোধকারীরা শান্ত হলে ক্যাম্পটি প্রত্যাহার করা সম্ভব হয়।"
তিনি বলেন, ছোট পানছড়ি বিডিআর ক্যাম্পের জায়গাটি তিনি নিজে (ইউএনও) এবং পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফি ইকবাল জওয়ানদের কাছ থেকে বুঝে নেন।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেহেতু সরকারের উর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে সেনা প্রত্যাহার হচ্ছে সেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
ইত্যোমধ্যে প্রত্যাহার করা অপর চারটি ক্যাম্প হল- খাগড়াছড়ির মহালছড়ি জোনের মানিকছড়ি জয়সেন পাড়া অস্থায়ী সেনা ক্যাম্প, দিঘীনালা পোমাংপাড়া অস্থায়ী সেনা ক্যাম্প, গুইমারা ব্রিগেডের অধীন লক্ষ্মীছড়ি জোনের মঘাইছড়ি দাইনছড়ি অস্থায়ী সেনা ক্যাম্প, মানিকছড়ি জোনের দশবিল অস্থায়ী আনসার ক্যাম্প।
বাকি ৮টি ক্যাম্প প্রত্যাহারের অপেক্ষায় আছে বলে জনিয়েছেন জেলা প্রশাসক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৮ ঘ.
bdnews24