২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বঙ্গবন্ধু হত্যার বিচারসহ অমীমাংসিত ইস্যু দ্রুত নিষ্পত্তি করা হবে'

বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকরসহ অমীমাংসিত ইস্যুগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, "জাতির সামনে বেশ কিছু অমীমাংসিত ইস্যু রয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর, জেল হত্যা মামলা পুনরুজ্জীবিতকরণ এবং যুদ্ধাপরাধের বিচার আমরা দ্রুত নিষ্পত্তি করতে চাই।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2009, 01:06 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

গোপালগঞ্জ, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকরসহ অমীমাংসিত ইস্যুগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, "জাতির সামনে বেশ কিছু অমীমাংসিত ইস্যু রয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর, জেল হত্যা মামলা পুনরুজ্জীবিতকরণ এবং যুদ্ধাপরাধের বিচার আমরা দ্রুত নিষ্পত্তি করতে চাই।" শুক্রবার দুপুর ১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু মাজার কমপ্লেক্সে শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সৈয়দ আশরাফ এ কথা বলেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আব্দুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, কাজী জাফরউল্লাহ, আব্দুল লতিফ সিদ্দিকী, সতীশ চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, "জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনী ও যুদ্ধাপরাধীদের শুধু পুর্নবাসিত করেনি তাদের পুরস্কৃতও করেছিলেন।" তিনি বলেন, "সালাহউদ্দিন কাদের চৌধুরী ১৫ আগস্ট সম্পর্কে কটুক্তি করেছেন। তাকে গ্রেপ্তার করে বিচার করতে হবে।" সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, "২৮ ডিসেম্বরের নির্বাচনে বাংলার মানুষ সত্য, ন্যায় ও প্রগতির পক্ষে রায় দিয়েছে। অবশ্যই বঙ্গবন্ধুর হত্যার রায় বাংলার মাটিতে হবেই।" আওয়ামী লীগের নতুন কমিটির সদস্যদের টুঙ্গিপাড়া সফর উপলক্ষে সকাল থেকে বঙ্গবন্ধুর মাজারে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থদের ঢল নামে। ফুলে ফুলে ছেয়ে যায় বঙ্গবন্ধুর মাজার। দুপুর সাড়ে ১২টায় দিন বদলের সনদ বাস্তবায়ন ও বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক প্রগতিশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আওয়ামী লীগের নতুন কমিটির সদস্যরা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। নেতৃবৃন্দ বঙ্গবন্ধু কবরের পাশে দাড়িয়ে ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর জন্য বিশেষ মোনাজাত করেন। এ সময় দলের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. এস. এ মালেক, আবুল মাল আবদুল মুহিত, এইচটি ইমাম, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেন গুপ্ত, আব্দুল জলিল, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লা বীর উত্তম, দেওয়ান ফরিদ গাজী, রহমত আলী, রাজিউদ্দিন আহম্মেদ রাজু, ড. দীপু মনিসহ আওয়ামী লীগের নতুন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, শওকত হোসেন হিরন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৪ ঘ.