ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাত্র সাড়ে চারশ টাকার জন্য ছিনতাইকারীদের হাতে খুন হলেন আলমগীর হোসেন (২৯) নামে এক শ্রমিক।
এ ঘটনায় শুক্রবার বিকেলে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ওয়ারি জোনের সহকারী কমিশনার মনিরুজ্জামান তপু জানান, পুলিশ শুক্রবার বেলা ৩টার দিকে জুরাইন রেলগেট এলাকা থেকে মো. হাসান ওরফে কালু (২০) নামে একজনকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যমতে বিকেল ৫টার দিকে জামি (২২) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। জামির বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যাবহৃত ছুরি, রক্তমাখা দু'টি শার্ট, একটি লুঙ্গি ও কয়েকটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভোররাতে রাজধানীর কদমতলী থানার শ্যামপুর মডেল স্কুলের সামনে তাকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আলমগীর সিদ্দিকবাজারের একটি জুতার কারখানায় কাজ করতেন। থাকতেন শ্যামপুরে বালুর মাঠ এলাকার একটি বাড়িতে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাজ শেষে বাড়ি ফেরার পথে আলমগীর ছিনতাইকারীর কবলে পড়েন। তার পকেট থেকে সাড়ে চারশ টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাকারীরা তার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।"
আলমগীরের চিৎকারে আশপাশের লোকজন ও পুলিশ ছুটে আসে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ছিনতাইকারীদের চিনে ফেলায় আলমগীরকে হত্যা করা হয় বলে ওসি ধারণা করছেন।
জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় দুই প্রহরীকে পুলিশ আটক করেছে।
এদিকে সন্ত্রাসীদের গুলিতে আহত নারায়ণগঞ্জের ব্যবসায়ী আবু তালেব (৪৫) শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসীদের হামলায় তিনি আহত হন।
অন্যদিকে যাত্রাবাড়ীর ধোলাইখাল এলাকার রাস্তা থেকে শুক্রবার ভোরে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৩০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে লাল রঙের কামিজ রয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক রহমান ধারণা করছেন, রাতের কোনও এক সময়ে গাড়িচাপা পড়ে তিনি মারা যেতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/জিএমএ/এমআই/১৪২০ ঘ.
bdnews24