ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালীতে বৃহস্পতিবার বিকেলে সন্ত্রাসীদের গুলিতে দুই পথব্যবসায়ী আহত হয়েছেন।
আহত ওয়াজিউল্লাহ বাবুল (৩৫) ও বিল্লাল সরদারকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিল্লাল সাংবাদিকদের জানান, বিকেল সোয়া ৪টার দিকে মহাখালী সাততলা বস্তি এলাকায় পশু হাসপাতাল গেটের সামনে এ ঘটনা ঘটে। কয়েকজন সন্ত্রাসী গুলি ছুঁড়তে ছুঁড়তে এলাকা অতিক্রমের সময় তারা গুলিবিদ্ধ হন।
তবে গুলি ছোঁড়ার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।
গুলশান থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রাত পৌনে ৮টার দিকে জানান, তারা বিষয়টি শুনেছেন এবং পুলিশের একটি দল ঢাকা মেডিকেলে গিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এএল/এসকে/২১০৩ঘ.
bdnews24