২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ কর্মীদের গ্রেপ্তারের পর মোহাম্মদপুরে বাদীপক্ষের ওপর হামলার অভিযোগ

চাঁদাবাজি মামলার আসামী যুবলীগ কর্মীদের গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরে যুবলীগ কর্মীরা বাদীপক্ষের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2009, 02:49 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি মামলার আসামী যুবলীগ কর্মীদের গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরে যুবলীগ কর্মীরা বাদীপক্ষের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে এলে তারা পুলিশের ওপরও হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে। ওই সময় চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। বুধবার রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন ঢাকা উদ্যানে একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ১৫ আগস্টের 'অনুষ্ঠানের নামে চাঁদাবাজি ও ভাংচুরের' অভিযোগে কেন্দ্রটির পরিচালক ইকবাল হোসেন স্বপন বাদী হয়ে স্থানীয় ১০ যুবলীগ নেতার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। একই সময় কেন্দ্রটির সামনের সালাম এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানেও ভাঙচুর চালায় যুবলীগ কর্মীরা। এ মামলার দুই আসামীকে গ্রেপ্তারের পর স্থানীয় যুবলীগ নেতা-কর্মীরা বাদীপক্ষের ওপর হামলা চালাতে এলে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। অন্তত দু' ঘণ্টা সংঘর্ষ চলে বলে জানা গেছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১১টার দিকে পুলিশ ঢাকা উদ্যান থেকে মামলার দুই আসামী যুবলীগ নেতা শফিক ও আক্তারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার জের ধরে তিন-চারশ' লোক মামলার বাদীকে আক্রমণ করতে আসে। আমার অফিসার সেখানে ছিলেন। তার ফোর্সসহ এবং থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় একজন কর্মকর্তা তার রিভলবার থেকে দু' রাউন্ড এবং আমি গিয়ে আমার বডিগার্ডকে দিয়ে দু' রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।" তিনি জানান, তারা বেড়ীবাধ সড়ক অবরোধ করে রেখেছিল। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে নেয়। ঘটনার প্রত্যক্ষদর্শী পুনর্বাসন কেন্দ্রটির পরিচালক রাশেদুল্লাহ জানান, সকাল ১১টায় স্থানীয় কমিশনার আবু সাঈদ বেপারি মামলার কয়েকজন আসামীসহ ২০-২৫ জন 'শোডাউন' করতে আসেন। তারা ভাঙচুরের শিকার ঠিকাদারী প্রতিষ্ঠান সালাম এন্টারপ্রাইজের মালিক বাদল মিয়ার সঙ্গে কথা বলতে থাকেন। সেখান থেকে পুলিশ শফিক ও আক্তারকে গ্রেপ্তার করে। এরপরই হঠাৎ করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে যুবলীগ কর্মীরা। তাদের নিয়ন্ত্রণে এগিয়ে যায় পুলিশ। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাদের ইট-পাটকেল নিক্ষেপ চলতে থাকে। অবশেষে ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় বেড়িবাঁধ সড়ক অবরোধ করে রাখে তারা। এ বিষয়ে ৪৬ নং ওয়ার্ড কমিশনার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ বেপারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে দু' পক্ষকে নিয়ে আমরা সমঝোতা বৈঠকে বসেছিলাম। এসময় পুলিশ দু'জনকে গ্রেপ্তার করলে আমরা তাদের গ্রেপ্তার না করার অনুরোধ জানাই। তারপর পুলিশ বলে থানায় এসে সমঝোতা করতে। পুলিশের সঙ্গে আমিও থানায় যাই। এর পরেই সেখানে (ঘটনাস্থলে) পুলিশের ওপর হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এসময় পুলিশ ফাঁকা গুলি ছূঁড়েছে বলে শুনেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/এইচএ/২০৫৫ ঘ.