২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শুধু ভূমিকম্প নয়, সুনামির ঝুঁকিতেও বাংলাদেশ'

এক সপ্তাহের মধ্যে ভারত মহাসাগরে দুই দফা ভূমিকম্প হয়ে গেল, যাতে কেঁপে উঠেছে বাংলাদেশও। সুনামি সতর্কতা জারি করা হলেও তা পরে তুলে নেওয়া হয়। আর এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান জানালেন, বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। সুনামির আশঙ্কাও করছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতারের সাক্ষাৎকার নিয়েছেন মইনুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2009, 07:32 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

মইনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সপ্তাহের মধ্যে ভারত মহাসাগরে দুই দফা ভূমিকম্প হয়ে গেল, যাতে কেঁপে উঠেছে বাংলাদেশে। সুনামি সতর্কতা জারি করা হলেও তা পরে তুলে নেওয়া হয়। আর এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান জানালেন, বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। সুনামির আশঙ্কাও করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ পর্যবেক্ষণ কেন্দ্রের (আর্থ অবজারভেটরি) প্রধান অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার জানান তার আশঙ্কার কথা। দেশের ভৌগোলিক অবস্থান এবং ভূতাত্ত্বিক গঠন বিশ্লেষন করেই তার এ মত। অধ্যাপক হুমায়ুন বলেন, ঢাকার পাশের টাঙ্গাইলের মধুপুর ফল্ট, সিলেটের ডাউকি ফল্ট, সীতাকুণ্ড-টেকনাফ ফল্ট ও উত্তর আন্দামান-টেকনাফ সাবডাকশন জোন সক্রিয় হয়ে উঠায় বাংলাদেশ এখন বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, "দেশের অভ্যন্তর ছাড়াও বঙ্গোপসাগরে দীর্ঘ ছয়শ' কিলোমিটারের 'সাইসমিক গ্যাপ' বাংলাদেশের জন্য অশনি সংকেত। এ গ্যাপে যে কোনও সময় বড় ধরনের ভূমিকম্প হতে পারে। ১১ আগস্ট 'এই স্যাইসমিক গ্যাপে'র বড় ভূমিকম্প ও পরবর্তীতে ভূকম্পনই উত্তর আন্দামান-টেকনাফ সাবডাকশন জোন সক্রিয় হওয়ার বড় আলামত।" গত ১১ আগস্ট ভারত মহাসাগরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়। এতে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। এরপর বৃহস্পতিবারই একই এলাকায় ৫ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। ২০০৪ সালে ভারত মহাসাগরে সুনামিতে (ভূমিকম্পের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাস) বিভিন্ন দেশে দুই লাখের বেশি মানুষ প্রাণ হারায়। গত কয়েক বছরে দেশের বিভিন্নস্থানে শ'খানেক মৃদু থেকে মাঝারি মাত্রা ভূকম্পন রেকর্ডকে বড় ভূমিকম্পের পূর্বলক্ষণ বলে ধরছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক হুমায়ুন। ঢাকা, পার্বত্য চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, দিনাজপুর অঞ্চলকেই সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রজার বিলহামও তার গবেষণায় হিমালয়ের পাদদেশে বেশ কয়েকস্থানে সাইসমিক গ্যাপ দেখিয়ে ৮ মাত্রার দু'টি ও ৭ মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প সংঘটিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন বলে অধ্যাপক হুমায়ুন জানান। তিনি বলেন, "বঙ্গোপসাগরে উত্তর আন্দামান থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ৬শ' কিলোমিটার দীর্ঘ যে সাইসমিক গ্যাপ রয়েছে, এতে শক্তিশালী ভূমিকম্প হওয়ার মতো যথেষ্ট শক্তি জমা হয়ে আছে। এ বিবেচনায় বাংলাদেশ ভূমিকম্পের দিক থেকে অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। এখানে রিখটার স্কেলে ৭ দশমিক ৫ এর বেশি মাত্রায় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে।" "বাংলাদেশ ছাড়াও ভারতের মেঘালয়, আসাম, মনিপুর, মিজোরাম এবং মিয়ানমার সীমান্তের কাছে ৭ এর বেশি মাত্রার ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতির মাত্রা হবে ভয়াবহ", বলেন তিনি। সুনামির বিষয়ে অধ্যাপক হুমায়ুন বলেন, "২০০৪ এর সুনামিতে বাংলাদেশ অনেকটাই নিরাপদ ছিল। তখন সাগরতলে ফাটল হয়েছিল উত্তর-দক্ষিণ বরাবর আর তাই ঢেউয়ের প্রধান গতিপথ ছিল পূর্ব-পশ্চিমে। কিন্তু টেকনাফ-আন্দামান সাইজমিক গ্যাপের প্রত্যাশিত ফাটল উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিমে হওয়ায় সুনামির ঢেউয়ের প্রধান গতিপথ থাকবে উত্তর-পশ্চিম বরাবর।" বঙ্গোপসাগরে সুনামি হলে তা ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কক্সবাজার, সন্দীপসহ উপকূলের সব অঞ্চলে সরাসরি আঘাত হানবে বলে মনে করেন তিনি। অধ্যাপক হুমায়ুন বলেন, "টেকনাফ-আন্দামান সাইসমিক গ্যাপ থেকে বাংলাদেশ উপকূল মাত্র ৭৫০ কিলো মিটার দূরত্বে। ফলে উপকূলে সুনামির ঢেউ আসতে মাত্র এক থেকে দেড় ঘণ্টা সময় নেবে।" বাংলাদেশের ভূতাত্ত্বিক গঠন বিশ্লেষন করে তিনি বলেন, "আমাদের দেশের মধ্যে শক্তিশালী ভূমিকম্প হওয়ার সম্ভাব্য ফাটলগুলোর একটি সিলেট-মেঘালয় সীমান্তের ডাউকি ফল্ট এবং চট্টগ্রাম উপকূল বরাবর সীতাকুণ্ড-টেকনাফ ফল্ট। "এ ছাড়া পার্বত্য চট্টগ্রামসহ দেশের সমতল ভূমিতে অসংখ্য ফাটল রয়েছে, যা থেকে ভূমিকম্প হতে পারে। সৃষ্টি করতে পারে। ঢাকার পূর্বে, পশ্চিমে, উত্তরে ও দক্ষিণে অর্থাৎ চারপাশেই ভূমিকম্প সৃষ্টির মত ফাটল আছে।" অধ্যাপক হুমায়ুন জানান, শিলারাশির স্থানচ্যুতির জন্য ভূ-অভ্যন্তর প্রচণ্ড শক্তির প্রয়োজন। দীর্ঘ সময় ধরে এই শক্তি সঞ্চিত হচ্ছে। এই শক্তি ভূত্বকের শিলার সহনীয় মাত্রা অতিক্রম করলেই নতুন ফাটল সৃষ্টি বা পুরাতন ফাটল সক্রিয় হয়ে তা বের হয়ে আসার সময় ভূমিকম্প হয়। সঞ্চিত শক্তির পরিমাণ যত বেশি হবে, ভূমিকম্পের মাত্রা তত বেশি হবে। ভূমিকম্প, অগ্ন্ন্যুৎপাত, পাহাড়-পর্বতের সৃষ্টি এ সব কিছুই নিয়ন্ত্রিত হয় ভূত্বক গঠনকারী প্লেটগুলোর সঞ্চারণের ওপর। পৃথিবীর উপরিভাগের ৭০-১০০ কিলো মিটার পুরুত্বের লিথোস্ফিয়ার ছোট-বড় ১৩টি খণ্ডে (প্লেটে) বিভক্ত। উত্তপ্ত ও নরম এস্থোনোস্ফিয়ারের ওপর ভাসমান এ প্লেটগুলো গতিশীল। বাংলাদেশের উত্তরে আছে ইন্ডিয়ান প্লে