ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপরিকল্পিত নগরায়ন ও সুযোগ সুবিধাগত নাগরিক অবকাঠামো ভেঙে পড়াই রাজধানীর দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার অন্যতম কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বুধবার রাজধানীতে নাগরিক সংহতি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফরমেশন ফোরাম আয়োজিত 'ঢাকা শহরেরর জলাবদ্ধতার স্থায়ী সমাধান: নাগরিক ভাবনা' শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ মত প্রকাশ করেন।
বাংলাদেশ ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফরমেশন ফোরামের সভপতি সরদার আমিন বলেন, "রাজধানীর ২৩ টি খাল বুড়িগঙ্গা নদীর সঙ্গে যুক্ত যেগুলোর মধ্য দিয়ে বৃষ্টির পানি ওই নদীতে গিয়ে পড়ে। অথচ বর্জ্য জমে এগুলো প্রায় ভরাট হয়ে গেছে। আর এর মূল কারণ অপরিকল্পিত নগর উন্নয়ন।"
গত ২৮ জুলাই রেকর্ড বৃষ্টিপাতে পুরো নগরীতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হলে বিষয়টি নিয়ে সরকারসহ বিভিন্ন মহলে জোড়েশোড়ে আলোচনা শুরু হয়।
"নগরীর বিভিন্ন এলাকায় পানি নিস্কাশনের ড্রেনগুলোতে কঙক্রিটের যে পাইপ ব্যবহার করা হয়েছে এর নিু মান এবং স্থাপনজনিত ত্র"টির কারণে পানি নিস্কাশনে এগুলো অনেকটা অকার্যকর", বলেন সরদার আমিন।
নগরীতে জলাবদ্ধতা সৃষ্টির জন্য ওয়াসাকে দায়ী করে তিনি আরও বলেন, "সংস্থাটি প্রয়োজনীয় পাম্প স্টেশন স্থানে ব্যর্থ হয়েছে।"
এছাড়া পানি নিস্কাশনে নগরীতে প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি খাল ও নালাগুলো ভরাট হয়ে যাওয়ার জন্য নগরবাসীর অসচেতনতাকে দায়ী করেন সরদার আমিন।
ওয়াসার সাবেক প্রধান প্রকৌশলী কাজি মো. শিশ জলাবদ্ধতার জন্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে দায়ী করে বলেন, তাদের অব্যস্থাপনা ও মন্ত্রণালয়কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
একইসঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতাকেও দায়ী করেন তিনি।
কাজি মো. শিশের মতে, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে একই কর্তৃপক্ষের অধীনে আনা উচিত।
অন্যদের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান আলোচনায় অংশ নেন।
তিনি বলেন, পরিবেশ বিষয়ে দীর্ঘমেয়াদি সুফল পেতে হলে অবশ্যই সবার আগে জনগণকে সচেতন হতে হবে।
এছাড়া একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানকে এ বিষয়ে যাবতীয় কার্যক্রমের দায়িত্ব দেওয়া উচিত বলেও মনে করেন এই নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এএল/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24