রাজশাহী, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবিধানিক স্বীকৃতি না থাকায় আদিবাসীরা নানাভাবে নির্যাতিত হচ্ছে বলে দাবি করেন রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বুধবার রাজশাহী চেম্বার ভবনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাদশা বলেন, "আদিবাসীরা দিনদিন ভূমির ওপর অধিকার হারাচ্ছে। ঐক্যবদ্ধ হতে না পারলে তাদের ওপর নির্যাতন, শোষণ ও নিপীড়নের মাত্রা আরও বেড়ে যাবে এবং সব ধরনের অধিকার থেকে বঞ্চিত হবে।"
ফজলে হোসেন বাদশা আরও বলেন, সাংবিধানিক স্বীকৃতি এখন বাংলাদেশের আদিবাসীদের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। তারা কারো দয়া চায় না, চায় সাংবিধানিক স্বীকৃতি।
এ জন্য আদিবাসীদের সংগঠিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আদিবাসী বিকাশ কেন্দ্র, আদিবাসী সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা ও মাহালী আদিবাসী আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা এ আলোচনা সভার আয়োজন করে।
আদিবাসী বিকাশ কেন্দ্র'র নির্বাহী পরিচালক বেঞ্জামিন হাঁসদার সভাপতিত্বে সভায় জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অনিল মারান্ডি, সম্পাদক রবীন্দ্রনাথ সরেন, আদিবাসী সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাজকুমার শাও, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা'র নির্বাহী পরিচালক গণেশ মার্ডি, মাহালী আদিবাসী আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা'র নির্বাহী পরিচালক দেবাশিষ প্রমাণিক, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা সভাপতি বিমল রাজোয়ারসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তারা বক্তব্য রাখেন।
আদিবাসীদের রাজপথে আন্দোলনে থাকার আহ্বান জানিয়ে বেঞ্জামিন হাঁসদার বলেন, আন্দোলন সংগ্রাম থেকে সরে এসে সামাজিকভাবে বিভক্ত হতে থাকলে তাদের অধিকার আদায় সম্ভব হবে না।
এ দেশ ও ভূমির সন্তান বলে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি।
সভায় রাজশাহী জেলার বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক আদিবাসী অংশ নেন। এর আগে একই দাবিতে সকালে তারা নগরীর আলুপট্টি থেকে একটি র্যালি বের করে। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চেম্বার ভবনের সামনে শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৫ ঘ.
bdnews24