সিলেট, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন তেতলী এলাকায় বুধবার দুপুরে এক লন্ডন প্রবাসীকে ছুরিকাঘাত করে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
আব্দুুল হাকিম নামের ওই প্রবাসীকে আহত অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক চান মিয়া জানান, ছিনতাইয়ের খবর পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসআই চান মিয়া জানান, প্রবাসী আব্দুুল হাকিম ইসলামী ব্যাংক এর তালতলা শাখা থেকে চার লাখ টাকা উত্তোলন করেন। এ টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে বিশ্বনাথ উপজেলার নিয়ামতপুর যাচ্ছিলেন।
দক্ষিণ সুরমা এলাকার তেতলী নামক স্থানে পাঁচটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা অটোরিকশাটিকে ঘিরে ধরে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে যাওয়ার সময় তার পায়ে ছুরিকাঘাত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০০৬ ঘ.
bdnews24