ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর দেশে সামরিক আইন জারি করেছিলেন একজন বেসামরিক ব্যক্তি। তিনি ছিলেন একজন প্রধান বিচারপতি, যিনি সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছিলেন।
তিনি বলেন, আইনজীবী, বিচারপতিসহ দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব সংবিধান সমুন্নত ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।
অ্যাডভোকেট এম সলিমুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক অ্যান্ড কনস্টিটিউশনাল অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (এডক্যাব) আয়োজিত স্মরণসভা ও স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
শফিক আহমেদ বলেন, মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হলে আদালতের দ্বারস্থ হয়। তখন বিচারপতিদের ওপর দায়িত্ব বিচার বিবেচনা করে রায় দিবেন। বিচারকরা সংবিধানকে সমুন্নত রাখার জন্য দায়িত্ব পালন করবেন। কিন্তু অতীতে এমনও দেখা দেছে সংবিধানের স্থান সামরিক ফরমানের নিচে হয়েছে।
আইনমন্ত্রী বলেন, সংসদে শতকরা একশ'ভাগ সাংসদ সামরিক আইন জারির কথা বললেও আইনজীবী ও বিচারপতিরা বলবেন সংসদ তা পারেনা। তাহলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। দেশ সংবিধান অনুযায়ী পরিচালিত হবে।
এডক্যাবের সভাপতি মহসিন রশিদের সভাপতিত্বে সভায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ব্যারিস্টার আমীর উল ইসলাম, অ্যাডভোকেট এম আই ফারুকী, রুহুল কুদ্দুস বাবু, এস এ মুনির প্রমুখ বক্তব্য রাখেন।
পরিবেশ রক্ষার জনস্বার্থ মামলায় অনন্য অবদানের জন্য এডক্যাব বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতিকে (বেলা) সম্মাননা পদক ও দশ হাজার টাকার অর্থ পুরস্কার প্রদান করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২৩২০ ঘ.
bdnews24