২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ দু'জন নিহত

সড়ক দুর্ঘটনায় বুধবার রাজধানীতে ব্যাংক কর্মকর্তাসহ দু'জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- অগ্রণী ব্যাংকের কম্পিউটার প্রকৌশলী মুশফিকুর রহমান খান (৪০) ও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী জুলেখা বেগম (৬০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2009, 03:39 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সড়ক দুর্ঘটনায় বুধবার রাজধানীতে ব্যাংক কর্মকর্তাসহ দু'জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- অগ্রণী ব্যাংকের কম্পিউটার প্রকৌশলী মুশফিকুর রহমান খান (৪০) ও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী জুলেখা বেগম (৬০)। মুশফিকুর রহমানের ভায়রা কামরুল ইসলাম জানান, বিকেলে পল্টন থেকে হানিফ পরিবহনের একটি বাসে উঠছিলেন তারা দু'জন। এসময় পা ফসকে বাসের চাকার নিচে চলে যান মুশফিক। সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে রাত সোয়া ৯টা পর্যন্ত এ বিষয়ে পল্টন পুলিশ কিছু জানে না বলে জানিয়েছেন উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান। উপ-পরিদর্শক জানান, সকাল সাড়ে ৭টার দিকে ফকিরাপুল এলাকায় একটি ট্রাক ঢাকা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী জুলেখা বেগমকে (৬০) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি পালিয়ে গেছে। জুলেখার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যানুযায়ী ঢাকা শহরে দুর্ঘটনায় প্রতিদিন গড়ে একজন করে মানুষ মারা যায়। গত বছরের জুলাই থেকে এ বছরের জুন পর্যন্ত এক বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় ৩৬৫ জন নিহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২১৫০ঘ.