চট্টগ্রাম, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---নগরীর আগ্রাবাদে গুলিতে হত্যা করে টাকা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছিনিয়ে নেওয়া ১০ লাখ টাকার মধ্যে পৌনে তিন লাখ টাকাও উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সাংবাদিকদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের কথা জানান।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় চার/পাঁচ সদস্যের একটি ছিনতাইকারী দল।
পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ ঘটনার পর অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ও রাতে দুই জনকে নগরীর পৃথক জায়গা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ছিনতাইকারী চক্রটি যে বাসায় টাকার ভাগবাটোয়ারা করে মধ্যরাতের অভিযানে সেখান থেকে পৌনে তিনলাখ টাকা ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়। তবে তদন্তের স্বার্থে খুনী চক্রের সদস্যদের নাম প্রকাশ করা হচ্ছে না বলে তিনি জানান।
কমিশনার সাংবাদিকদের জানান, মঙ্গলবার সন্ধ্যায়ই ইস্পাহানীর মোড় থেকে আটক করা হয় ছিনতাইকাজে ব্যবহৃত অটোরিকশার চালক আলমগীর হোসেনকে। পরে তার দেওয়া তথ্য অনুসারে মধ্যরাতে ওই চক্রের একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কমিশনার আরও জানান, অটোরিকশা চালক আলমগীর এবং ছিনতাইয়ের শিকার আফসানা ফ্লাওয়ার মিলের মালিক মাহবুব আলম গ্রেপ্তারকৃত ছিনতাইকারীকে চিহ্নিত করেছেন। ওই ছিনতাইকারীর চাপাতির আঘাতে আহত ব্যবস্থাপক মিন্টু রঞ্জনও তাকে সনাক্ত করেছেন।
মাহবুব আলম উদ্ধার করা টাকার ব্যাগটিও তাদের প্রতিষ্ঠানের বলে সনাক্ত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২০৪৬ঘ.
bdnews24