ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সন্ত্রাসীদের বিরুদ্ধে 'জেহাদ' ঘোষণা করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
মঙ্গলবার পুলিশ সদরদপ্তরে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের তার এ কঠোর অবস্থানের কথা জানান সম্প্রতি এ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া টুকু।
দায়িত্ব পাওয়ার পর থেকেই অবশ্য 'দলমত নির্বিশেষে' সন্ত্রাস দমনে কড়া হুঁশিয়ারি দিয়ে আসছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
সাংবাদিকদের তিনি বলেন,"সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের জেহাদ। এদের কিভাবে দমন করা যায় সেসব বিষয় নিয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করছি।"
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদের আলোচিত পদত্যাগের পর ৩১ জুলাই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন শামসুল হক। নতুন দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো পুলিশ সদর দপ্তরে যান তিনি।
পুলিশ সদরদপ্তরে দুই ঘন্টার ওই বৈঠকে পুলিশ মহাপরিদর্র্শক (আইজি) নূর মোহাম্মদ, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) নববিক্রম কিশোর ত্রিপুরাসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী আবারো বলেন, "সন্ত্রাসীর কোন দল নেই। তারা যে দলেরই হোক তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।"
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে খুন, ডাকাতি ও টেন্ডার সন্ত্রাস বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এর মধ্যে বিশেষ করে টেন্ডার নিয়ন্ত্রণে প্রায়ই সন্ত্রাস করার অভিযোগ উঠছে সরকারী দলের সমর্থক সংগঠনগুলোর বিরুদ্ধে।
চরমপন্থি দলগুলো নিষিদ্ধ করার ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "চরমপন্থি, জঙ্গী বা সন্ত্রাসী যেই হোক তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি সাংবাদিকদের তথ্য-উপাত্ত দিয়ে সাহায্য করার আহ্বান জানিয়ে বলেন, "আপনারা আমাদের সন্ত্রাসী, জঙ্গি, চরমপন্থীদের বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করতে পারেন।"
বৈঠকে উপস্থিত পুলিশের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে পুলিশের পক্ষ থেকে অনেক দাবি তুলে ধরা হয়েছে।
তিনি জানান, একজন কর্মকর্তা পুলিশের নানাবিধ সমস্যা তুলে ধরে প্রস্তাবিত পুলিশ অধ্যাদেশ ২০০৭ বাস্তবায়নের দাবি জানিয়ে 'যুগোপযোগী পুলিশ বাহিনী' গঠনের আহবান জানিয়েছেন। অন্য এক কর্মকর্তা পদোন্নতির দাবি করে বলেছেন, "আমরা চলতি দায়িত্ব থেকে মুক্তি পেতে চাই।"
ওই শীর্ষ কর্মকর্তা আরো জানান, সম্প্রতি আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের কথা উল্লেখ করে বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, "পুলিশের কাজ পুলিশেরই করা উচিত।"
ওই কর্মকর্তা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য প্রতিমন্ত্রীকে অনুরোধ করেন।
গত ২৩ জুন আইন মন্ত্রণালয়ের জারি করা ওই প্রজ্ঞাপনে পুলিশের বদলে অতিরিক্ত পিপি এবং এপিপিরা বিচার পর্যায় থেকে মামলা পরিচালনা করবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২১৫১ঘ.
bdnews24