কক্সবাজার, আগষ্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের মহেশখালী উপজেলার কুলাল পাড়ায় সোমবার গভীর রাতের ভূমিকম্পে একটি ঘরের মাটির দেয়াল ধসে তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন- হাসিনা বেগম (৩৫), তার ছেলে আবু বক্কর (১২) ও দেড় বছর বয়সী মেয়ে তানজিনা বেগম।
এদের তিনজনকে মঙ্গলবার ভোরে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকেল ৪টার দিকে তারা বাড়ি ফিরে যান।
উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত প্রায় ৩টার দিকে ভূমিকম্পে ইউনিয়নের কুলাল পাড়ায় ভূমিকম্পে মুক্তার আহমেদের মাটির ঘরের একটি দেয়াল ধসে যায়।
এতে মুক্তার আহমেদের স্ত্রী ও দুই ছেলে-মেয়ে আহত হন। আজ (মঙ্গলবার) ভোরে তাদের মহেশখালী হাসপাতালে পাঠানো হয়।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ আহমদ ভূমিকম্পে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতরা মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে তিনি শুনেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৫ ঘ.
bdnews24