ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদন ও বাজারজাত করণের অভিযোগে দায়ের করা মামলায় রিড ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকার ড্রাগ আদালতের বিচারক মো.গোলাম মর্তুজা মজুমদার এ পরোয়ানা জারি করেন।
আসামিরা হলেন, রিড ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, দুই পরিচালক শিউলি রহমান, আবদুল গনি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হক।
সোমবার ওষুধ প্রশাসন পরিদপ্তরের তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম মামলাটি দায়ের করেন।
এতে বলা হয়, রিড ফার্মার প্যারাসিটামল সিরাপ ও ভিাটমিন বি কমপ্লেক্স সেবনে কিডনি অকেজো হয়ে শিশু মারা গেছে বলে গত ২১ জুলাই কয়েকটি পত্রিকায় খবর প্রকাশিত হয়। সে সময় ওষুধ প্রশাসন জনস্বার্থে ওই ওষুধ কোম্পানিকে উৎপাদন ও বাজারজাতকরণে বিরত থাকতে সতর্ক করা হয়।
পরবর্তীতে মহাখালির ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে রিডের ওষুধ পরীক্ষা করে দেখা যায় এগুলো ভেজাল ও মানসম্মত নয়। কোম্পানিটির প্যারাসিটামল সিরাপের নমুনায় ক্ষতিকর ডাই ইথাইল গ্লাইকল রয়েছে বলেও পরীক্ষায় প্রমাণিত হয়।
ডাই ইথাইল গ্লাইকল মূলত প্লাস্টিক বা চামড়ার রঙের থিনার হিসাবে ব্যবহার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এএল/১৭৪৭ ঘ.
bdnews24