নীলফামারী, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীতে একটি হত্যা মামলায় স্বামী ও স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমান মঙ্গলবার দুপুরে এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের পুরাতন স্টেশন পাড়ার জাহিদুল ইসলাম (২৮) ও তার স্ত্রী লাকী বেগম (২৬)।
প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
২০০৬ সালের ২২ জানুয়ারি রাতে জাহিদের দ্বিতীয় স্ত্রী রিনা বেগম (২৩) খুন হন।
মামলার নথি থেকে জানা যায়, জাহিদ ও তার প্রথম স্ত্রী লাকী মিলে রিনাকে শ্বাসরোধ করে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ে ঝুলিয়ে রাখে। ঘটনা ধামাচাপা দিতে জাহিদ প্রচার করেছিলেন রিনা আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।
তবে লাশের ময়না তদন্ত প্রতিবেদনে বলা হয়, রিনাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। এ প্রতিবেদনের ভিত্তিতে নীলফামারী সদর থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৭ ঘ.
bdnews24