ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, তথ্য অধিকার আইন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদান রাখবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভার্ন্যান্স স্টাডিজের 'জার্নালিজম রিসার্স অ্যান্ড ট্রেইনিং ইনিশিয়েটিভ' (যাত্রী) আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের সময় মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন।
যাত্রী কার্যালয়ে 'এথিকস অ্যান্ড স্ট্যান্ডার্ডস ইন জার্নালিজম' শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনের প্রাক্কালে মরিয়ার্টি বলেন, "বাংলাদেশের গণমাধ্যম- প্রিন্ট, ইলেকট্রনিক বা অনলাইন যাই হোক না কেন, তা গতিশীল ও জীবন্ত। এই গণমাধ্যম দেশের অব্যাহত গণতান্ত্রিক অগ্রযাত্রার অপরিহার্য উপাদানে পরিণত হয়েছে।"
তথ্য অধিকার আইন পাশের জন্য তিনি বাংলাদেশকে ধন্যবাদ জানান।
মরিয়ার্টি বলেন, "বাংলাদেশের গণতন্ত্রকে আরও সংহত করতে এদেশের নাগরিক ও প্রতিষ্ঠানগুলো বিশেষ করে গণমাধ্যম এই গুরুত্বপূর্ণ আইনটির সদ্ব্যবহার করবে বলে আমি আশা করি।"
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার নবম সংসদের দ্বিতীয় অধিবেশনে তথ্য অধিকার আইন পাস করে।
উদ্বোধনী অধিবেশনে অন্যান্যের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সালেহউদ্দিন আহমেদ, ইন্সটিটিউট অব গভার্ন্যান্স স্টাডিজের পরিচালক ড. মঞ্জুর হাসান এবং সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24